রোদভরা দিনের একাকী বৃক্ষ দাঁড়ানো, একা হয়ে।
ছায়াফুল বেভুল দুলছে ম্লান বাতাসে।
পাতার নিচের ক্লান্ত ছায়ারা বসে আছে চুপ চুপ।
রোদের ফুটকি নিয়ে খেলছে দুপুরের ঘোরে।
পুকুরের ওইপারে সুপুরী-সারি হেসে ওঠে খিল খিল।
এলিয়ে যায় একে অন্যের গায়।
হাসি বুঝতে চেয়ে বসে বসে সময় নাড়াচাড়া করি
বসে থাকি ছায়াদের সাথে।
ছায়াবন্ধুরা খেলা করে শুধু রোদের সাথে।
একা আমি। চারদিকে সবুজের ঘের।
শানবাঁধানো ঘাটের আড়ালে বাজলো জলজ নিক্কন ।
জলের মুক্তো মেখে অপ্সরী এক উঠে এলো
সকালের ঘুমঘুম সূর্যের মতো।
চুলের মেঘে এখনও কী যে অঝোর ধারা!
নাকের ডগা থেকে একবিন্দু জল টলে গেলো অন্যবিন্দুর গায়ে
দু’জনে তিরতির নেমে এলো তার চিবুক হয়ে নিচে।
কপালের জল, মুখশ্রীর জল
অবারিত স্রোতের স্রোতে নেমে এলো
বুকের ফুলের গহীনে।
জলে ভেজা বুক-পদ্মদুটো নিঝুম জোড়-পাহাড় যেন।
হতচকিত বৃষ্টির হিমে।
সরু উপত্যকায় জল জমে জমে একান্ত দীঘি হয়ে আছে।
অন্তরে, বুকের পদ্মের গভীরে
যুগল দীঘি নিয়ে ভেজা পায়ের আলপনা আঁকলে যেই সিঁড়িতে,
হৃদয় ভুলে গেলো স্পন্দন আমার !
কত সুখী, কত ভাগ্য-স্নাত ওই জল…
ব’সে আছে বুকে, পদ্মিনী পায়ের পাতায়
পরম প্রশান্তির মতো।
নাভি থেকে শুভ্র দুটো ঢাল এসে থেমে আছে পায়ে।
দু’স্রোতের সিঞ্চনে পদ-ফুল পাপড়ি মেলেছে অন্তঃদীঘির জলে।
তোমার নূপুর এখন আমার বুকের ওপর ।
চলার ঘোরে আমিও আবেশে নিঝুম।
আদ্র চোখ মেলে দেখি মৃদু অন্ধকারময় আড়ালে
লালিমার কুঞ্ঝটিকা।
অচেনা বৃত্তে শেষ হয় হয় বিহবল বাতাসের পথ।
গন্তব্যে এসেও হারায় গন্তব্য।
সুঘ্রাণে ঘুরে ঘুরে বেঘোর, বে-ঘর ।
এখন আর দীঘি হয়ে থাকতে চাই না।
জলকণা হই, হাওয়া হয়ে উঠি।
ঈর্ষার তীর অজান্তে ছুটে চলে তোমার চারপাশের বাতাসের দিকে।
আড়াল জানে না যারা।
আকাশে, নীলে, নিখিলে, অনেক মেঘে, মন্দ্রিত দিনে
মমতার আদ্রতায় ঘিরে রাখে তোমাকে।
*****************
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১২ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





