[ রবার্ট সাউদী ( Robert Southey, 1774-1843)’র জন্ম ইংল্যান্ডের ব্রিসটলে। রোমান্টিক ঘরানার কবি। ১৮১৩ থেকে ১৮৪৩ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিরিশ বছর যাবৎ ‘পোয়েট লরিয়েট’-এর পদ অলংকৃত করেন। সমসাময়িক বন্ধু-কবি উইলিয়াম ওয়ার্ডসঅরথ ও স্যামুয়েল টেইলর কোলরিজের কাব্য-ছটায় সাউদির খ্যাতি কিছুটা ম্লান হলেও তাঁর কবিতার ধীর অথচ স্থায়ী স্থিতি দীপ্যমান। তিনি একাধারে কবি, অজস্র পত্র-লেখক, সুবিজ্ঞ সাহিত্য ব্যক্তিত্ব, প্রবন্ধকার, অনুবাদক, ইতিহাসবেত্তা ও জীবনীকার। তাঁর The History of the Three Bears ছোটদের জন্য অমর সাহিত্য-কর্ম। প্রথম কবিতা-সংকলন প্রকাশিত হয় ১৭৯৪ সালে। বহুপ্রসূ সাহিত্য-প্রতিভা সাউদী অনেক ইংরেজি শব্দ নতুন ক’রে পরিচয় করিয়ে দিয়েছেন। জনপ্রিয় করেছেন। যেমন, ‘অটোবায়োগ্রাফী’ (autobiography) পরিভাষাটি তিনিই প্রথম ব্যবহার ও প্রচলন করেন ১৮০৯ সালে ‘কোয়ার্টারলি রিভিউ’তে। ]
যাও, ভ্যালেনটাইন
যাও, ভ্যালেনটাইন, বলো সেই রূপময়ীরে
যার ছায়া এখনও আঁকা দৃষ্টিতে আমার,
কেমন অলস মুহূর্ত কাটে মলিন ছায়া ঘিরে
এই ঘোর বিষণ্ণতা, রাতের অবসন্নতার ;
বলো, জীবনের সব আনন্দ এখন সুদূর
সন্ধ্যা শেষে যখন হয় কোলাহল অবসান,
নির্জনে, একাকী শুনি বন-ঘুঘুর সুর
আমার মতো গায় এক নি:সঙ্গ গান;
বলো, তার বিরহ শুধু দীর্ঘশ্বাস আনে
বলো, তার সব সুন্দরতা বলতে ভালবাসি,
ভাবনায় হারায় সব, তার চোখের সম্মোহনে
চিবুকের আভা দেখি, সমুজ্জ্বল মৃদু হাসি,
ঘিরে নেয় একাকী সময়, নীরবতা বনে
স্মৃতির হা-হুতাশ আর প্রেম আনে মনে।
********************

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





