দ্বিরুক্তি
১. ঋণার্ত দিন
কোনো কোনো ঋণ আছে, আজীবন থাকে
ভালোই তো, পেলাম এই ঋণার্ত জীবন ।
কোনো কোনো প্রেম আছে, এমনই থাকে,
থাকা ভালো, ছায়ামগ্ন প্রেমার্ত ক্ষণ ।
২. সঞ্চয়-সম্ভব
কিছু বললেই পথ আটকাও
দু’হাত মেলে আগলে রাখো সব অনুভব ।
নিম-জ্বালের উনুন জানে কতটা শান্ত আগুনে
জ্বালাতে হয় রাঁধার সঞ্চয়।
সূর্য জানে রোদের উজানে শুষে নেয়া যায়
কখন, তৃণের শিশির !
দূর নয়, স্বপ্নদূর
ঘুম ভেঙে গেলেও স্বপ্নটা বসেই ছিল ।
ছেড়ে যাচ্ছিলো না একটুও ।
প্রায়ান্ধকার ঘর, অবাক ব্যাপার
ঘরের অর্ধেকটা জুড়ে বেশিরকম আলোর আভা
অন্ধকার দিকটায় বসে আছি জুবুথুবু
বারান্দা চেয়ে আছে জানালায়, উঠোনের একাংশ…
সারি সারি কামরাগুলো অন্ধকার দেখছে
ওরা ঘুমোলেই যেন চুরি যাবে এই মহিম-রাতটুকু
বাইরে থেকে একটি কণ্ঠ জানতে চাইছে, কে ? কে?
বললাম : এই আমার নাম ।
কণ্ঠটা চিনে নিলো, অতি পরিচিতের মতো ঘরে এলো
পরিচিত শুধু নয়, বন্ধুও নয়
যেন অন্যকোনো নাম দেয়া যায়…
দৃশ্যটা জড়িয়ে জড়িয়ে ধরছিল খুব
তাকে আমি কখনও দেখি নি
মনে হয় নি তবু, অদেখা কেউ
চেনা তার মন-প্রাণ, মনন-মনন
নীরব ছবি সবাক হয়ে হলো একসময় ।
মনে হলো, এ-ই সত্যি । সত্যিই তো এই !
না ফুল না মানবী
মঞ্জিল মিলেছে সব সুপ্ত ইচ্ছের ।
ছায়া হয়ে ব’সে আছে মানবী-ফুলে…
বহুবাহু বিছানো বৃক্ষ তুমি এক
ঝরাপাতায়, পাপড়িতে শিশিরে-বৃষ্টিতে
কত দানে, বিদীর্ণ করো আমার হৃদয় ।
আলতো হাত রাখি পায়ের পাতায়
করতল-যুগল নৌকা হয়ে বয়ে চলে
কি নিবিড় নিঝুম দুই শুভ্র নদী,
একেবেঁকে হারাতে চায় ।
দ্যাখে কোন্ ত্রিকোণ দ্বীপের শোভা
মনলোভা মন ভেসে যায় সমুদ্রে আবার…
ছায়াজল
কী যে ভাল লাগে
সজল পুকুর, শানবাঁধানো ঘাট
ছায়া দেখছি
দেখছি মৃদু চঞ্চল জল
শাপলা পদ্ম মৌ
কত কি বলছে হাওয়া আর
জলের কানে কানে
জলকন্যা সেই, উঠে এলো ভিজে পায়ে পায়ে
আদ্র, প্রায়-আদুর গায়ে
আলোর স্রোতে ভেসে গেল আমার প্রহর
অন্তর-ভরা নহর, শুধু নহর ভরা অন্তর !
বৃষ্টি
বৃষ্টি এলে ছাতার হাত ধরাটা
বেশ অবান্তর মনে হয় ।
আকাশের নীল সাগর ভেঙে
যে জলপরী খিলখিল হাসির মতো
গায়ে এসে ঝরে— তাকে কালো পর্দার আড়ালে
কেন যে রাখে মানুষ !
বৃষ্টির ভেতর ছাতা মাথায় কাউকে
হেঁটে যেতে দেখলে কষ্ট হয় ।
কেমন গুড়গুড় ক’রে নাচছে
জলবিন্দুগুলো ছাতার ওপরে—
তারা তো দেখতেই পায় না ।
হাতাটা ভিজে গেলে বিরক্তিতে বলে,
‘যাহ ! মরার বৃষ্টি !’
ঝুমবৃষ্টিতে আকাশ দেখে দেখে
দু’চোখ ভ’রে জল নিই,
আমার সুখের কান্না
আকাশের জলজ অভিমান একাকার হয়…
চোখের পাতা ভুরু দৃষ্টি, সব
অভিসিঞ্চনে ব’য়ে ব’য়ে যায় ।
******************

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





