পুকুরে ঘাট হয়, ঘর হয় এই কথা বোধ হয় নতুন। বাপের ভিটেয় জায়গা হয়নি কিনুর। তাই শাহজাহানদের পুকুরপাড়ে ঘর বেঁধেছে। রাস্তার পাশ দিয়ে লোকজন যাবার সময় তাদের আর ঘাটের কথা মনে হয় না। কারণ ওই ঘর। চাঁচের বেড়া, কুটোর ছাউনি।
পুকুরের চওড়া পাড় সবুজ ঘাসে এতটা মজবুত, কেউ কোনোদিন মাটি ভেঙে পড়তে দেখেনি। পুকুরটা নতুন নয় । বেশ পুরনো। তবে সব সময় নতুনই মনে হয়। লালচে এঁটেল মাটি অল্প-মেঘ আকাশের লালিমার মতো লেপ্টে থাকে। সেই ভিজে কাদাটে মাটির ওপর দুটো খেজুর গাছ বিছিয়ে ঘাট বানিয়েছে কিনু। খেজুর গাছদুটো শুকিয়ে গিয়েছিল বাগানে। কেমন লম্বা হয়ে আকাশ ছুঁতে চাইতো। ছেলেবেলায় বাপ যখন গাছ কাটতে যেতেন, তখন কিনু তলায় দাঁড়িয়ে দেখতো সিঁড়ি হয়ে উপরে উঠে গিয়েছে গাছগুলো। সারাজীবন যারা রস দিয়েছে, আজ পুকুরের জলের রসে ডুবে আছে তারা।
পুরুষের বুক এত সরু হয় ওকে না দেখলে বোঝা যায় না। সেই সরু বুকে কালো কালো মিহি লোম। বৃষ্টির পর খড়ের চালের কুটোর মতো লেপ্টে থাকে বুকে। গোসল ক’রে উঠলে চেয়ে চেয়ে দ্যাখে ওর বউ। চাঁচের বেড়ার জানালায় কপাল ঠৈকিয়ে রাখে। কিনু গোসল করছে। পিছল কাদায় পা পিছলে গেলো হঠাৎ। দুই হাতে উঁচু ডাল ধরার ভঙ্গি করতে করতে ঝপ ক’রে পড়লো পানিতে। বউয়ের হাসি ছড়ালো ছোট্ট ঘরটায়। হাসির দমক থামলে বউ ভাবে, এই তার পুরুষ। এখন কেমন বাতাসের ঘায়ে লুটিয়ে পড়ে, আর রাতের বেলা বাতাসের মতো গতিমান। চৈত্র মাসের গরমে কতবার যে গোসল করেছে ওরা। চালের জোড়া চড়ুই পাখি যেন। কতবার ওঠে নামে। ফড় ফড় ক’রে পাখনায় পানির ঝাপটা দেয়। বছর খানেক বিয়ে হলেও এখনও পুরনো হতে চায় না দিন। নতুন ক’রে মনে পড়ে পেছনের কথাগুলো।
বাজার থেকে রাহেলাদের বাড়ী বেশি দূরে নয়। তরিতরকারী বিক্রি করে ওর বাপ। বেলা ডোবার আগে মাছ তেল লবন ছোট চটের থলেয় দিয়ে বাড়ী পাঠিয়ে দেন ওকে। পেছনে ঝুলিয়ে নিয়ে আসে। বড় রাস্তা থেকে তিন চারটে জমির আল পার হলে পথ আড়াআড়ী হয়। তখন বৈশাখ মাস। ফসলশূন্য মাঠ। ছোট ছোট নাড়া শুকিয়ে আছে। জমিও ফেটে কাঠ। মাটির চারকোণা ফাটল বিছিয়ে আছে জমিতে। আল ছেড়ে কোনাকুনি পায়ে চলার পথ সাদাটে সুতোর মতো লম্বা। মাঝে মাঝে শিয়াল-কাঁটা গজিয়েছে। সবুজ তীক্ষè পাতার দু’পাশে বিষময় কাঁটা। তার মধ্য থেকে ফুটে বেরিয়েছে গাঢ় হলুদ ফুল। রাহেলা পথ চলতে চলতে কাটা-ফুল দেখছে। সন্ধ্যা প্রায়। মাঠের শেষের আমবাগানটা পেরুলেই ওদের বাড়ী। অসাবধানে হোঁচট খেয়ে চপ্পল খুলে গিয়ে খালি পা পড়লো কাঁটার ওপর। উহ শব্দ ক’রে ব’সে পড়লো শুকনো মাটিতে। থলের ভারে পেছন দিকে হেলান দেবার মতো কাত হলো। পা দুটো বিছিয়ে গেল। আহত পা’টা কাঁপছে। রক্ত ঝরছে। জ্বালায় মুখটা বাঁকা হয়ে আছে। এক মুহূর্ত চোখ বন্ধ ক’রে সহ্য করে নিতে চাইলো। পায়ের তলার স্পর্শে হঠাৎ ব্যথাদীর্ণ চোখ খুললো রাহেলা। নখ দিয়ে খুঁচিয়ে কাঁটা তুলছে কিনু। একবার শুধু ওর দিকে তাকিয়ে হাসলো আর বাম হাত উঠিয়ে বসে থাকতে বললো। কাঁটা তুলে নিজের গামছা দিয়ে রক্ত ও ধুলো মুছে বললো, বাড়ী যাতি পারবি, না আমি থলে ব’য়ে দোবো?
না না, আমি যাতি পারবানে। তুমি যাও কিনু ভাই।
দেইকে শুইনে পত চলিস। হন হন কইরে হাটিস ক্যান্ ?
এর ছয় মাস পরে বিয়ে হয়েছে ওদের। একই পাড়ায় বাড়ী। গায়ে পড়া ভাব থাকলেও কোনোদিন খারাপ নজরে তাকায়নি কিনু। মনে আছে, সেদিন পায়ের ব্যাথায় শুকনো জমির ওপরে বসে থাকলে হঠাৎ হাওয়ার মতো এলো। ঠিক যেখানটায় ব্যাথা সেখানে ধরে কাঁটা তুললো। সুযোগে অন্যকোথাও ছুঁয়ে দেয়া বা হেলান দেয়া ভঙ্গির উর্বশী বুকের দিকে আলাদা ক’রে তাকালো না। রাহেলার মনে এই অতিকৃশ কালো মিচমিচে মানুষটার হৃদয় সম্পর্কে খুব উঁচু ধারণা হয়েছিল। স্কুলে দুইতিন ক্লাসের বেশি না পড়তে পারলেও মেয়ে হিসেবে পুরুষের দৃষ্টি পড়তে কষ্ট হয়নি। তাই বিয়ের প্রস্তাব পেয়ে, না বলতে পারেনি। যদিও জানতো ও পূর্ণিমার চাঁদ, কিনু আমাবশ্যার অন্ধকার।
ঘরের ছোট্ট বারান্দাটা রাস্তার বদলে ফসলের মাঠ ও বনের দিকে। বারান্দার একপাশে মাটির ঝিকের চুলো। দু’জনের রান্না অল্পতেই হয়ে যায়। রান্না সেরে পাটির ওপর বসে আছে রাহেলা। হারিকেন জ্বলছে নিবু শিখায়। কিনু গিয়েছে ও পাড়ায়। ছোট বোনটার বনাবনী হচ্ছে না স্বামীর সাথে। আলাপ করতে হবে। তা’ছাড়া মা’র শরীরও ভাল নয়। সেজন্য একটু বেশি সময় নিচ্ছে আজ বাড়ী ফিরতে। বালিশে হেলান দিয়ে বসল রাহেলা। জ্যৈষ্ঠ মাসের এই সন্ধ্যায় পাশের আমবাগান থেকে পাকা আমের ঘ্রাণ নিয়ে আসে বাতাস। মাঝে মাঝে ঝড় হয়। কিনু ঝড়-মাথায় অন্ধকারে নেমে পড়ে আম কুড়োতে। এনে খুশিতে ডগমগ হয়ে তুলে দেয় ওর হাতে। আজ অন্ধকার নেই। পূর্ণিমা। পরিপূর্ণ চাঁদ। বড় আমগাছটার ঠিক মাথার ওপর। দূরে রশিদ নায়েবের উঠোনে কারেন্টের আলো জ্বলছে। সুইচ টিপে আলো জ্বালে ওরা। হারিকেনের সলতে ওঠানামা করার সময় মনে পড়ে সুইচের কথা। চাঁদটার দিকে তাকায় আবার। অবাক হয়। ‘চাঁনডা কী সূয্যের বুইন’, ভাবে মনে মনে। ‘এত সুন্দুর আলো কনে পায় চাঁন?’ ওর তো সুইচ দেকিনে, গোল হইয়ে ওটে, কী ফকফকা আলো দিয়ে চইলে যায়’।
মাঝে মাঝে ধোঁয়ার মতো আলো দেখেও এইরকম ভাবে।
ঝিমুনি এসেছিলো একটু। তারপর চোখের পাতা বুঁজে এসেছিল কখন টের পায় নি। জোরালো বাতাস মাঠের মধ্য থেকে ছুটে যাচ্ছে বনের দিকে। কুটোর চালে উড়ে উড়ে আসছে পাতা। নিঝুমতার ভেতরও হাওয়ার ডাকে চোখ খুলে গেল রাহেলার। আধখোলা চোখে সামনের মাঠ মনে হচ্ছে দুধের নদী। চাঁদ চুয়ে চুয়ে দুধময় আলোর বহতা নেমেছে এই মাঠে। দৃষ্টি একটু ফরসা হলে বাগানের কোণা থেকে সরু পথে এক ছায়া নামতে দেখলো। বেশ দূরে হলেও বুঝতে পারলো এ ছায়া কার। অতি ছোট, অতি চিকন কাঠির মতো ছায়াটা কেমন হেঁটে আসছে তন্ময় আলোর নেশায়। বারান্দার সামনে এসে দাঁড়ালে রাহেলা বললো, এত রাত হইলো যে? মা’র শরীল ভালো আছে তো? হাজেরা বু’গের ঝগড়া মিটেছে?
ভাত বাড়ো, খাতি খাতি সব কচ্চি।
আইচ্চা ।
বু আর ভাই সায়েপের সাথে কতা বললাম। ছোটখাট সমস্যা। ও মিটে যাবে।
কতা বন্দ তা-কি কতা হচ্চে একন?
হচ্চে, কিন্তুক উড়ো উড়ো।
আর মা’র অবস্তা কী ?
খুপ বেশি ভালো না, বু’র বললাম, মা’র কাছ থেইকে নড়িস নে। সাতে আনতি তো চাইলাম অনেক আগে। মা-ই তো মাইয়ের সাতে ছাড়া থাকপে না।
কিনুর বাবা মারা গেছে বছর তিনেক আগে। একমাত্র মেয়ের বিয়ে দিয়ে জামাইকে নিজের ভিটেয় ঘর করে দিয়েছিলেন। জবেদ তখন অন্যের বাড়ীতে কাজ করে। অনাথ । ছোটবেলায় নাকি গাঙের ওপার থেকে এসে শাহজানদের বাড়ীতে উঠেছিল। বিয়ের পর ও অন্যদের জমিতে জন দেয়, থাকে শ্বাশুড়ীর কাছেই। নিজের মা-বাবা কেমন, মনে পড়ে না। শ্বশুর শ্বাশুড়ীকেই বাবা-মা মেনেছে। বেঁচে থাকতে শ্বশুর, জামাইয়ের বদলে ছেলেই মনে করেছেন।
একমাত্র ছেলের বিয়ে নিজহাতে দিয়েছেন কিনুর বাবা। মা’র মত ছিলো না। মনে মনে অন্য কাউকে ভেবেছিলেন। কিন্তু কিনুর মতের বাইরে ওর বাপ যায় নি কোনোদিন। শ্বাশুড়ী তাই বউকে মেনে নেন নি। কিনু ও রাহেলা অনেক চেষ্টা করেও মা’র মন গলাতে পারেনি। তাই বাপের ভিটে থেকে উঠে আসা। এরপর থেকে ছেলের মুখ প্রায় দেখেনই না ওর মা। কিনুর সান্ত¦না, মা তবু বেঁচে আছেন। বাবার কথা মনে হলে চোখ ভিজে আসে সাথে সাথে। কী শক্ত সামর্থ মানুষ। তখন শীতের সময়। বিকেলে খেজুর গাছের মাথা চেছে কেবল ভাড় পেতেছেন। ছোটবেলার মতো সেদিনও সাথে গিয়েছিল কিনু। হঠাৎ দেখলো বাপ খুব তাড়াতাড়ী নেমে আসছেন। অর্ধেক-গাছ পর্যন্ত নেমে হিড় হিড় করে পড়ে যাচ্ছেন নিচে। পেছনের ঠোঙা থেকে দা ছিটকে পড়লো মাটিতে। কিনু সরে না দাঁড়ালে ওর গায়েই পড়তো দা’টা। তাড়াতাড়ি এসে বাপের হেলে থাকা মাথা তুলে নিলো নিজের কোলে। একহাতে বুক চেপে, ফিসফিসিয়ে হা করে পানি খেতে চাইলেন। দৌঁড়ে কাছের কোনো বাড়ী থেকে কাঁসার গেলাসে পানি এনে দেখে বাপের মাথাটা বড় এক ঢেলার ওপর এলানো। অল্প হা-মুখে পানি ঢাললো কিনু। নড়াচড়া দেখলো না। এর মধ্যে পাড়া ভেঙে চলে এসেছে লোকজন। সবাই মিলে ধরে বাড়ীতে নেয়া হলো। মাজহার ডাক্তার এসে নাড়ী দেখে মুখ অন্ধকার করে কিনুকে বললেন, তোমার বাপ আর নেই। হার্ট ফেল করেছেন। এই কথা শুনে মুহূর্তে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। চোখ মেলে দেখে বারান্দায় শুয়ে আছে। পাশে রাহেলা। দূরে মা’র কান্নার আওয়াজ। সোরগোল।
বাপের সামান্য জমি ও কিছু খেজুর গাছ আছে। বাড়ীর পাশে তরিতরকারি লাগানো যায়। উঠোনের পাশে পেয়ারা, জাম ও নারকেল গাছও আছে বেশকিছু। তবু সংসার চালানোর জন্য এ যথেষ্ট নয়। পরের জমিতে কাজ করাও কিনুর ধাতে সয় না। সারাজীবন বাপের পেছনে পেছনে ঘুরেছে। স্কুলে ৩/৪ ক্লাস প’ড়ে স্যারের হাতে মার খেয়ে আর কোনোদিন ও-মুখো হয় নি। ওর বাপ জোর করেন নি পড়ার জন্য। মুচকি হেসে শুধু বলেছিলেন, শুদু বই পইড়ে লোক মানুষ হয় না রে। চারিদিক তাগায় দ্যাক, শিখার কত কিচু আচে। মনে যা চায়, তাই করবি। বদ কাজ না করলিই হইলো’।
বাপের কথাগুলো খুব পছন্দ হয়েছিল ওর। সেই থেকে একরকম ভবঘুরে। সকালে উঠে গামছা কাঁধে ফেলে চলে গিয়েছে কপোতাক্ষর পাড়ে। মন করলে বড়শী পেতে বসেছে গাছের ছায়ায়। ঘাসে। মাঝে মাঝে বড় বড় মাছ নিয়ে এসেছে বাড়ীতে। বাপ হুকোয় লম্বা ধোঁয়া ছেড়ে হেসেছেন ঋষির মতো।
দু’জনের পেট ভরানোর জন্য নিয়মিত কিছু আয় জরুরী। তাই প্রায় প্রতিদিন বিকেলে বাজারে কেরোসিনের স্টোভে পাপড় ভেজে দু’পয়সা রোজগার করে। সকালে মাছ ধরতে যায়। পেলে কিছু বিক্রি করে, কিছু মা-বোনকে দেয়, বাকীটা বাড়ী আনে। বাপের ভিটেয় গেলে মা’র কাছে গিয়ে বসে। হাতে গুঁজে দেয় টাকা। মা যন্ত্রের মতো মুঠো আঁটকে রাখেন।
আগে প্রতিদিন বিকেলে ফুটবল খেলতো। আলাদা জায়গায় ঘর করার পর আগের অভ্যাসে পরিবর্তন এসেছে। তবু মাথাচাড়া দিয়ে উঠলে সেদিন পাপড় ভাজা বন্ধ। খেলার মাঠে, ওর জায়গায় দাঁড়িয়ে যায়। ফরোয়ার্ডে। ও খেলতে চাইলে দলনেতা আর কাউকে ওখানে নেয় না। নিয়মিত দর্শক খুশি হয়। বল পায়ে এলে সবাই বলে ওঠে, ম্যারাডোনা, ম্যারাডোনা’।
মিনি ম্যারাডোনা ব’লেও ডাকে কেউ কেউ। নাম ভুলে একপ্রকার পেলে-ম্যারাডোনা নামেই পরিচিত এখন ও। পেলের মতো কালো আর ম্যারাডোনার মতো সংক্ষিপ্ত উচ্চতা এই খেতাবের কারণ।
ভোর হয়েছে। রাহেলার ঘুম ভেঙে যায় আযানের শব্দে। ও পাড়ার মসজিদটা বেশি দূরে নয়। মাইকের চোঙ মনে হয় এদিকে দেয়া। তা’ছাড়া সক্কাল বেলা চারদিক নিঝুম থাকার জন্য শব্দটা একেবারে কানে এসে বাজে। খারাপ লাগে না ওর। ঘুমন্ত পৃথিবীকে জাগিয়ে দেবার জন্য এই আহ্বান মন্দ নয়। কিনু একটু বেলা ক’রে ওঠে। চাঁচের বেড়ার ফাঁক দিয়ে সূর্য চোখ না ছুঁলে চোখ খোলে না। রাহেলা পুকুর থেকে বাসী থালা-বাটি মেজে, গোসল সেরে রুটি বানাতে বসে। রুটি, ভাজি হয়ে গেলে হালকা স্বরে ডাকে, আর কতো ঘুমোবা, উইটে পড়ো দিনি। নুটি ছেকিচি।’
আজও তেমন হলো। রাহেলা ডাকলো। কোনো সাড়া নেই। ঘরে গিয়ে দেখে উপুড় হয়ে শুয়ে আছে। পাশে বসে খালি পিঠে হাত রাখলো। কাত হয়ে নিজের চোয়াল ঠেকালো কিনুর অর্ধ-উদ্ভাসিত চোয়ালে। উনোনের তাপে উষ্ণ হয়ে আছে রাহেলার লাবন্যময় লাল গাল। একগোছা ভেজাচুল এসে পড়লো কিনুর চোখের ওপর। আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুয়ে তাকালো বউয়ের দিকে। এই সময়টার জন্য অপেক্ষা করে প্রতিদিন। সক্কালে গোসল করে রাহেলা। তারপর উনোনের পাশে বসে। আগুন যেন ওর বোন। সকালবেলার বেলার সূর্যের আলোর পুতুল কিনুর ঘরে। ওর পাশে ওকে কী যে বেমানান লাগে। সাহসে ভর ক’রে প্রস্তাব দিয়েছিল। ভাবেনি এই মেয়ে ‘হ্যাঁ’ বলবে। আজ ঘরের বউ। অফুরন্ত প্রেম এই মেয়ের অন্তরে। কিনুও যতেœর কমতি করে না কখনও। দু’হাতে জড়িয়ে ধরে বুকের ওপর তুলে নিলো। রাহেলা বললো, যাও, তুমি একনও নাপাক। আমি চ্যান করিচি। আগে ডুব দে আইসো। খাইয়ে ন্যাও। আরেকটা কতা। আইজ তোমাগের বল খেলার বন্দু আইলো। তুমার কাচে দরকার। বলতিলো, আইজগের ফাইনাল খেলা আচে মাটে। তুমার খেলতি হবে’।
কিনু লাফ মেরে উঠে বসলো। বললো, তাই নাকি। আমি তো ক’দিন খেলতিই পারি নি। কত ঝামেলা গেল। আইজ খেলবো।
একটা প্রীতি ম্যাচ হবে পাশের গ্রামের সাথে। হঠাৎ করেই এই আয়োজন। গ্রামের মাঠের চারদিকে পিঁপড়ের সারির মতো মানুষ দাঁড়ানো। বাজারের দিকেও মানব-দেয়াল দুলে উঠছে বল সেদিকে গেলে। আগে গ্রামে ফুটবল ম্যাচে বুট ও জার্সি থাকতো না। কেউ কেউ হ্যাফপ্যান্ট ও গেঞ্জি পরতো। কাচা-মারা লুঙির খেলোয়াড়ও চোখে পড়তো। এখন সবার পায়ে বুট, গায়ে জার্সি। মাঠময় লাল-নীল জার্সি দৌঁড়ে বেড়ায়। মুগ্ধ হয়ে দেখে সবাই। কিনুর পরণে লাল জার্সি, সাদা হাফপ্যান্ট, পায়ে বুট ও লালমোজা। অন্যদলের গায়ে নীল জার্সি। প্রথমার্ধের খেলা শেষ। গোল হয়নি । মাঠে বসে যে যার এলাকায় জটলা করছে। শলামরামর্শ করছে দলনেতা, কোচ। অন্যান্য দিন কিনুর পায়ে দু’একটা গোল এসে যায়। আজ পেরে উঠছে না তেমন। অপরপক্ষ বেশ শক্ত।
খানিকটা বেশি বেলা থাকতে খেলা শুরু হয়েছে। যাতে পুরস্কারপর্বটা দিন থাকতে শেষ হয়। মেহমান খেলোয়াড়রাও ফিরে যেতে পারেন বেলায় বেলায়। দ্বিতীয়ার্ধের খেলা তুমুল উত্তেজনাময় হয়ে উঠলো। লালদল যেন দৃর্দম অবাধ্য তেজী অশ্ব। নিজের মাটির বলে মুহুর্মূহু আক্রমন করছে অন্যপক্ষের ওপর। নিখূঁত পাসিং, শাণিত আক্রমণ, নির্ভুল ফিনিশিং। ১০ নম্বর জার্সির কিনু বল ধরলে আকাশ-দীর্ণ আওয়াজ উঠলো, ‘পেলে-ম্যারাডোনা, পেলে ম্যারাডোনা, গোল দে, গোল দে…।’ লম্বা লম্বা খেলোয়ারের ভিড়ে কিনু যেনো বল কুড়ানো বালক। কিন্তু বল ধ’রে যখন তিনজনকে কাটিয়ে, শেষ দু’জনের সামনে বল এ-পা ও-পা ক’রে, শূন্যে তুলে মুহূর্তে ঘুরে এক নিমেষে গোলকিপারের সামনে এসে দাঁড়ালো, মনে হলো, থৈ থৈ নীলের ভেতরে সন্ধ্যার লাল সূর্যটা অসীম সমুদ্রের জল ছুঁয়ে দাঁড়িয়েছে। একটু পরেই ডুব দেবে। গোলের সীমানা দেখে নিয়ে, গোলকিপারের চোখের দিকে একটুমাত্র তাকিয়ে বল মারলো কিনু। ডানদিকের সাইডবারের কোণা দিয়ে বল আটকে গেল জালে। মাঠভরা উল্লাস দেখলো ঝাঁপসা চোখে। ভেসে যাচ্ছে কিনু । লাল লাল জার্সির দোলায় শূন্যে ভাসছে। সবাই এসে কখন ওকে কোলে তুলে নিয়েছে বোঝে নি।
খেলা শেষে স্টেজ সাজানো হলো। পুরস্কার প্রদান পর্ব। কিনু বসে আছে ঘাসে। কে যেনো ওর কানে কানে বললো, তুমার মা কানতি কানতি বাড়ী থেইকে বের হইয়ে গেচে। তুমার খুঁইজদেচে।
কিনুর বাপের ভিটে থেকে একটা রাস্তা পুকুরপাড় হয়ে ইটের রাস্তায় মিশেছে। এই পথে কখনও রোদ পড়ে না। দু’পাশে ঘন সবুজ গাছপালা। পথের ওই প্রান্তে একটি বিরাট বটগাছ। জোরে বাতাস হলে ঝুমঝুমির বাজনার মতো আওয়াজ আসে। ছায়াভরা এই পথটা বালুময়। ঠাণ্ডা । ছেলেরা মার্বেল খেলে এখানে। এই অতি মসৃন ছায়া বিছানো পথ কোনোদিন অন্যরকম দ্যাখে নি কেউ। কিনু এক দৌঁড়ে ওই পথের প্রায় মাঝখানে এসে থমকে দাঁড়ালো। ওর মা হেঁচড়ে হেঁচড়ে আসছেন। পেছনে হাজেরা বু। তুমুল বকাবকি করছে মাকে। মা অসহায় চোখে সামনে তাকিয়ে এগোতে চাচ্ছেন। হাজেরা বলছে, ছেইলের কাছে না গেলি হয় না? যে ছেইলো বাপের ভিটে ছাইড়ে গেল, তার জন্যি এত মায়া?’
কিনু দু’হাতে মাকে জড়িয়ে থাকলো কিছুক্ষণ। কিছু বলতে চাইছেন। স্বর বেরুচ্ছে না। হাত উঠিয়ে দেখালেন সামনে। রাহেলাও এসেছে। অন্যপাশে ধরে ওঠাতে চাইছে শ্বাশুড়ীকে। ছেলে ও বউয়ের কাঁধে ভর দিয়ে ঝুলে আছেন মা। হাঁটার শক্তি নেই। দু’জনে কোলে ক’রে আনলো ঘর পর্যন্ত। বারান্দায় শোয়ালো। উঠে বসতে চাইলেন। আধশোয়া হয়ে তাকিয়ে থাকলেন ওই মাঠের যে গাছ থেকে কিনুর বাপ প’ড়ে গিয়েছিলেন সেই গাছটার দিকে। রাহেলা পানি এনে মুখে ধরলে খেলেন এক চুমুক। সাদা ঝাঁপসা চোখে তাকালেন বউমার দিকে। হাত ওঠাতে গেলেন। সামান্য শূন্যে উঠে ধপ ক’রে প’ড়ে গেলো হাতটা। চোখ বুঁজে এলো। ঘাড় কাত ক’রে নির্লিপ্ত চোখে তাকিয়ে থাকলেন কিনুর মুখে। ছোট্ট ছেলের মতো মা’র কোলে ঝাপিয়ে পড়ে কেঁদে উঠলো কিনু।
*************

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





