চারিদিকে মৃত্যুর মিছিল
অনাদরে অবহেলায় মৃত্যু
অযত্নে এড়িয়ে যাওয়ায় মৃত্যু
কাঁদিয়ে হাসিয়ে মৃত্যু
সন্তানের বুকে পিতার মৃত্যু
মায়ের হাহাকারের স্নেহে সন্তানের মৃত্যু
প্রিয়তমার আদুরে হাতে প্রিয়তমের মৃত্যু
মৃত্যু তো শাশ্বত আজন্ম জানা
তাও হারানোর বেদনা মানে না মানা।
অবহেলায় যার আজ মৃত্যু হলো
সকাতরে তারে অভিশাপ দিতে বলো
পরজনমে তারে হিসাব নিতে বলো।
আজ হাসপাতালের করিডরে
এই ভয়ার্ত লোভের দুনিয়া
ছেড়ে মৃত্যু ডেকে নিল যারে,
একই বিষে কাঁদবে তারাও
কানে কানে নোনা জলে
লজ্জায় কুঁকড়ে গিয়ে বলে দিও তারে।
দ্বিগভ্রান্ত হয়ে তাড়িয়ে তড়িয়ে
পথে ঘাটে জঙ্গলে লোকালয়ে
মানবতার মৃত্যু দেখছি তাকিয়ে তাকিয়ে।
প্রতিদিনের সূর্য বাধ্য করছে বলায়,
শতসাধনার প্রাণের ধারাপাত যখন
নেমেছে নিছক বাড়ন্ত সংখ্যায়।
মনে তখন কয় নবারুণের সিগারেটের ধোঁয়া
“এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


