একটা গল্প লিখছি মাথার ভেতর ।অনেকদিন ধরেই লিখছি , লিখেই চলেছি । গল্প টা শেষ হচ্ছেনা , অনবরত বেড়েই চলেছে । আগা,পাশ ,তলা সবদিকে বেড়েই চলেছে। অচেতন গল্পটা শেষ হচ্ছেনা , অচেতন ভাবেই বাড়ছে যেন এক অটিস্টিক গল্প । চোখ বড় বড় করে চেয়ে আছে আমার দিকে । গলা টিপে মেরে ফেলতে ও পারছি না।
একটা কবিতা ও লিখছি সেই জন্মের পর থেকে । আমার কোল বালিশের তলায় অবুঝ শিশুর মত ঘুমিয়ে থাকা এক কবিতা , যার লেজ কেটে দিলে ও টিকটিকির মত তর তর করে বেড়ে উঠতে চায়। মাঝে মাঝে ঘুমের মাঝে অনুভব করি তার ডুকরানো কান্না , স্পর্শ পাই তার বুকের ধুকপুকানি। উফফ অনিদ্রা যত বাড়ছে কবিতা টা ও বেড়েই চলেছে।
আমার একটা গান ও আছে , একটা বিপ্লবী গান । ও পাশা পাশি সবার সাথেই হেঁটে বেড়াচ্ছে এখানে , আমার আশপাশ দিয়ে। দেখতে পাই মাঝে মধ্যে আসে আমার কাছে , কোলে বসে আবার সুর টা ঠিক করার আগেই ফাকি দিয়ে যায় । বড়ই ধৈর্য্যহীন এক গান , এক দন্ড বসার নয় । আর বসবেই বা কি , সে যে জন্ম থেকেই বিপ্লবী।
আমি আবার ও লিখছি । এবার বেশ চিন্তা ভাবনা করেই লিখছি । একটু ও এদিক ওদিক করবো না ঠিক করেছি । ঠিক করেছি একদম পাথরে খোদাই করে ফেলবো । একটা অক্ষর ও পালাতে দেবো না , সব যথাস্থানে বসাবো। হুম , বেশ তাহলে এবারে আমি প্রতিক্ষিত এপিটাফ খানাই লিখবো।
শুভ মৃত্যু দিবস…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


