ঈদ, স্বাগতম!
রক্তাক্ত পিলখানা উপর দিয়ে ঘুরে আসা শাওয়ালের চাঁদ তোমাকে স্বাগতম।
তোমাকে স্বাগতম,আমাদের সদ্য ডিজিটাল বিকারের ভুবনে তোমাকে
স্বাগতম।
দেশের বাড়িতে যাবে বলে বের হয়ে অজ্ঞান পার্টির কবলে পড়ে
যারা এখন হাসপাতালে মরণের সাথে যুদ্ধ করছে তাদের পক্ষ থেকে
তোমাকে স্বাগতম।
স্বাগতম তোমাকে দ্রব্যমূল্য পীড়িত এই বৃহত্তম ব-দ্বীপে
দেশের বাড়ির পথে রওনা হয়ে যারা সড়ক দুর্ঘটনায় আজ মাটির বিছানায় পোকার আহার হচ্ছে তাদের পক্ষ থেকে তোমাকে স্বাগতম।
বেতন বোনাস পাওয়ার আশায় শেষ দিন পর্যন্ত যে শ্রমিক ভাই
কিংবা বোন হাড়-পানি করে কাজ করে আজ খালিহাতে হতভম্ভ চেহারায় ঘরে ফিরছে
ঈদ তাদের পক্ষ থেকে তোমাকে স্বাগতম।
আজ ক্ষুধার দায়ে যে সব মা বা মেয়ে অন্ধকারের পথে পথে ঘুরবে তাদের পক্ষ থেকে
খালি হয়ে যাওয়া রাজপথে শিকারের আশায় অস্ত্র হাতে দাড়িয়ে থাকা
ছিনতাই ভাইয়ের পক্ষ থেকে
ঘুষের টাকায় নতুন নতুন গাড়ি যারা কিনেছে তাদের পক্ষ থেকে
ডিজিটাল রাজত্বের গুনে সিনিয়রের কাধে পা দিয়ে যারা সচিব, ‘বাড়তি’ সচিব, ‘সন্ধি’ সচিব হয়েছেন তাদের সহাস্য তারকা খচিত মুখর মুখের পক্ষ থেকে তোমাকে স্বাগতম ।
তোমাকে স্বাগতম ব্যান্ড খাওয়া ব্লগারদের পক্ষ থেকে.
তোমাকে স্বাগতম পোস্ট মুছে দেয়া ব্লগারদের পক্ষ থেকে
তোমাকে স্বাগতম দালাল সাংবাদিক আজ উঁচুতে ওঠার লোভে দেহের পসরা দিয়ে সিড়ি ডিঙ্গিয়ে চলা দ্বিপদী জীবদের পক্ষ থেকে।
তোমাকে স্বাগতম যারা দেশকে বেচে দেয়ার পায়তারায় এগিয়ে গেছে তাদের সংঘবন্ধ শক্তি পক্ষ থেকে।
প্রবাসে বসে দীর্ঘশ্বাস ফেলছে যে সব শ্রমের যন্ত্র,যাদের ঘাম বৈদেশিক মুদ্রা হয়ে উঠছে
এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কীট থেকে শুরু করে প্রতি-উপ-পুরা মন্ত্রী সহ মন্ত্রী পরিষদের শীর্ষে বসে থেকে যারা সে টাকায় ফুটানি করছে তাদের সবার পক্ষ থেকে তোমাকে স্বাগতম।
একটা লাল বেলুন পেয়ে খুশিকে যে সব শিশু আজ অনেক রাত পর্যন্ত জেগে থাকবে তাদের পক্ষ থেকে তোমাকে স্বাগতম হে ঈদ।
তুমি ঈদ হয়ে ওঠো আজ মানুষের ঘরে ঘরে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


