সন্ধ্যা থেকে শুরু করব না সকাল থেকে
তোমায় ত পড়ে মনে ব্যস্ত হাটার ফাঁকে,
আমি হাটি আর কুয়াশা কাটি, আর তুমি-
আবছা কুয়াশা মুছে মুছে আমার চোখে স্পষ্ট হও।
আকাশে সপ্তর্ষি খুঁজি আমি
সন্ধ্যার সপ্তর্ষিকে খুজে পাইনা, কিন্তু
তুমি আস আমার কাছে, সপ্তর্ষির মত-
প্রশ্নবোধক চিহ্ন হয়ে
হঠাৎ কোন পথিক আমাকে অতিক্রম করে
আর আমি কান পেতে থাকি
অস্তিত্ব খুঁজি তোমার, নাগেশ্বরের আড়ালে।
আমি অতিক্রম করি তোমায়-
কখনো আপন মনে তোমার নাম ধরে ডাকিও
পূর্ণিমায় হাঁটি আমি আর দুধের সর রং চাঁদ দেখি
তুমি আস তখন, আমি প্রশ্ন করি আমাকে
তুমি কি দেখছ ঐ চাঁদ?
ভাবি আর হাসি, আজ না হয় অন্য কোন পূর্ণিমায়
তুমি দেখবে ঐ চাঁদকে।
ঘুমোতেও কি দেবে না তুমি আমায়?
কেন তুমি আস তখন?
নিয়ে যাও আমাকে ঘোলা জল সুরমায়
আমি নাটক সাজাই, নৌকা ভাসাই
আর অভিনয় করি।
তারপর সূর্য উঠে
সবুজ চাঁদর মোড়ানো লাল পাহাড়ের ফাঁকে,
দিনের আলোর তীব্রতা বাড়ে, আর বাড়ে-
মানবী তোমার সাথে আমার দূরত্ব
স্পষ্টতা ও অস্পষ্টতার বৃত্তে আবদ্ধ আমি
অস্পষ্টতার দেয়াল ভাঙতে পারিনা
স্পষ্টতাকে ভয় পাই বলে
তোমার হাসি আমাকে উদ্বেলিত ও আহত করে যুগপৎ
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




