তবুও আমাদের মৃত্যু হয় যত্রতত্র
কখনও দৈহিক কখনও আত্মিক
মৃত্যু হয় দিনে-রাতে-প্রতিমুহুর্তে
মৃত্যু হয় স্বপ্নের-প্রেমের-কবিতার।
শপিং মলের মেয়েলি আলোয় মৃত্যু হয়
পপকর্ণ বাতাসেও মৃত্যু হয় কারও কারও।
হেক্টরের মতো মৃত্যু হয় প্রতিনিয়ত
যেমন মৃত্যু হয় পরাভূত সকল জাতির।
কারও মৃত্যু হয় হেলেনীয় সৌন্দর্যে
কারও মৃত্যু হয় স্বর্গীয় সুখের লোভে
কারও মৃত্যু হয় নিতান্ত অপরিচিত
কারও মৃত্যু হয়তো আজীবন হয় না।
তবুও বিছানায় এলিয়ে দিলে শরীর, মনে হয়-
আরও একবার গোলকধাঁধা এ পৃথিবীর প্রেমে পড়ি;
না হয় শহীদ হোক আমার আরো একটি প্রেম
কোনো অপঠিত কবিতার পঙক্তির তরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


