ছেলেটির বয়স দশ কি এগার হবে। স্থুলাকায় হওয়ায় স্কুলে সবাই তাকে মোটু মোটু বলে ডাকে। তার খুব খারাপ লাগে। সে অন্য সবার মত খেলাধূলা দৌড়াদৌড়ি করেনা। আসলে তাকে করতে দেওয়া হয়না।
ক্লাসে আবার সে ফার্স্ট বয়। তার রোল কখনও এক থেকে তিন এর বাইরে যায়না। এবার কেবল ফার্স্ট থেকে সেকণ্ড হল তাতেই তার মা তাকে কি মার! এখন তার অনেক কিছুতেই বাঁধা আছে যেমন বাইরে খেলতে যাওয়া।
আছরের আযান দিল। তার সব বন্ধুরা খেলতে নেমেছে। ক্রিকেট, ফুটবল, বরফপানি কতরকম খেলা খেলবে তারা এখন। তাদের জীবন কত বর্ণময়।
তার ও খেলতে ইচ্ছে করে। সে তার মায়ের কাছে যায় অনুমতির জন্যে! যদিও সে জানে অনুমতি পাওয়া যাবেনা।
জবাবে সে একটা চড় উপহার পায়। আর কতকগুলো বকা। সে আবার পড়তে বসে। কিন্তু তার মন থাকে বাইরে। জানালা দিয়ে সে তার বন্ধুদের খেলতে দেখে। অবাক চোখে তাকিয়ে থাকে, কি সুন্দর করে তারা খেলছে।
তার মা এসে জানালা বন্ধ করে দেয় ঠাস করে। তার চোখ জলে ভরে আসে কিন্তু মা যদি আবার বকা দেয় তাই সে কাঁদতে পারেনা। মা চলে যাবার পর তার বইয়ের পাতা ধীরে ধীরে নোনা পানিতে ভিজতে শুরু করে।
পুনশ্চঃ এভাবে বড় হওয়া ছেলেরাই বড় হয়ে বিভিন্ন জায়গায় প্রথম দ্বিতীয় হয়। তাদের মস্তিষ্ক শিক্ষিত হয় বটে তবে কতটুকু বিকশিত হয় তাতে সন্দেহ আছে বৈকি!
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





