শৈশবে লাল রিবন বাঁধা একঝাঁক বালিকার
খল্বলিয়ে চলা দেখে
যে মুগ্ধতার পরশ পেয়েছিলাম-
তা তোমায় জানালাম,
তুমি সুন্দরের পূজারী বলে আমায় স্বীকৃতি দিলে।
প্রথম যৌবনে সুস্তনী হরিণনয়না
যে মেয়েটির সাথে
আমার আলাপ-পরিচয় ছিল
তার কথা বললাম,
তুমি সরল স্বীকারোক্তি ভেবে
নির্ভরতার চোখে আমার দিকে তাকালে।
অথচ কাল রাত্তিরে
রাস্তা,ফুটপাথ,রিকশা
আর হরেক রকম মানুষের ভিড়ে
পশ্চিমের দেয়ালে হেলান দেয়া
রূপসী এক বারবণিতার কথা বলতেই-
অজস্র নক্ষত্র আর জ্যোৎস্নামাখা চাঁদটিসহ
সমস্ত আকাশ তোমার মাথায় ভেঙ্গে পড়ল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


