ঠোঁটের কোণায় লুকানো স্বর্গ, চোখের কোণায় নরক,
এই নিয়ে এতোটা রাস্তা মার্বেলের মতো হেটে এসে,
খানিক জিরাতে বসেছে বেনামী যুবক!
সামনে অক্ষয় জল ঝরে পড়ে! অনন্ত নদী ক্ষয়ে যায়,
বিতৃষ্ণায় বিলুপ্ত ব্যাঘ্রশাবকের হাসি,
হাপানি রুগীর প্রাণান্তকর কাশির মতো শ্বাস টেনে টেনে
শুয়ে আছে পাশাপাশি!
বুটের টহলে প্রকম্পন! প্রেমিকা পালায় রেখে স্বপ্নের ফুচকা,
যুবক কি লাভ খুজে তীব্র ধারালো অসি?
একদিন নরক পাখির চোখের মতো স্বর্গ দখলে নিবে
আচমকা
মিথ্যে যুদ্ধ যুদ্ধ খেলা! খামোখা! খামোখা!
যুবক হাটছে! এশট্রের অবশিষ্ট সিগারেটের মতো শুন্যে ভাসছে!
মানপত্রের সম্ভাষণে রুনুঝুনু হাসে প্রেমিকার বিদায়ী সংলাপ,
কতো চাঁদরাত মরে গেলো এইভাবে ঐরাবতের সাথে,
রাত্রির পর্দায় বিগত দিনের রিলে
সাদাকালো নায়িকারা যায় আসে! যায় আসে!
যুবক এখন নিস্পৃহ! যুবক এখন মিষ্টতাহীন গেলাসের
শরবত
চোখের কোণায় যুগল নদীতে সাতরায় যুগপৎ
একটি স্বর্গ আর একটি নরক!
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


