দুঃখনদীর তীরে দাঁড়িয়ে একাকী
জন্মাবধি দেখে আসছি জোঁয়ার ভাঁটার খেলা ।
জোঁয়ার এলে আপাদমস্তক ডুবে যাই জলে
মৃত্যু বাড়ায় আগ্রাসী হাত প্রবল আক্রোশে ।
শ্বাসরুদ্ধ হয়ে যায় প্রায় সময়
মনে হয় এই বুঝি প্রাণ যায় প্রাণ যায়
বেঁচে থাকার পাই না উপায় খুঁজে ।
ভাঁটার টানে পায়ের নীচে জাগে বালুচর,
প্রাণ ফিরে পাই আবার কোনমতে ।
আশান্বিত চোখে চারপাশে তাকাই
কেউ যদি বাড়ায় হিতকরী হাত জীবন সংকটে ।
নেই নেই নেই কোথাও কেউ নেই...
একাই শুধু একাই আমি দাঁড়িয়ে আছি
নষ্টে কষ্টে অর্ধ শতাব্দী ধরে-
দুঃখের দোতারা বাজাই দুঃখনদীর তীরে ।
এভাবেই দিন যায় মাস যায় বছরের পর বছর যায়...অধরা -ই থেকে যায়
ঈপ্সিত সুখপাখি ।।।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



