(১)
এরাই কাছের মানুষ,
যারা পেয়ালা পূর্ণ করে দেয় কষ্টের কাঁকর ।
নুড়ি বালিতে এই উদর জমাট,
হৃদয়টাও যেতে আর কিছুই বাকি ।
হ্যা,ভালবাসার প্রতি অনেক আগেই উঁচু করেছি বৃহৎ বৃদ্ধাঙ্গুলী
দেখিয়েছি একটি মানকচু ।
(২)
পানীয়তে নিমগ্ন হলাম
বিনম্র হলো রাত
আমি চাঁদের দিকে গ্লাস উঁচু করে বললাম,
উল্লাস!
চাঁদ কেন ব্যথা পেল তাতে ?
কেন মেঘের ভিড়ে গা ডুবালো ?
(৩)
হ্যাঁ আমি মোটেও কৃতজ্ঞ নই,
আমি ভুলে যাই গতদিনের চুম্বনের স্বাদ ।
জানি তোমার দেয়া ফুল কখনো বাসি হয়না ,
এদের গন্ধের বুকেই বুক পাতে আমার তুলতুলে মেজাজ।
তবু মনে হয় বড় বেশি শুন্য করে রাখো ,
উপোসি আর হাড় জিড়জিড়ে আয়নার একজন।
হ্যাঁ। শুন্য থালার মত হৃদয়টাই প্রতিদিন তোমাকে দেখাই
পূর্ণ করে নিতে নিতে তৈরি হই
হতে আগামীদিনের জন্য অকৃতজ্ঞ আবার ।
(৪)
অতিমানুষ হতে চেয়েছিলাম বরাবর ,
যাতে ঘাড় উঁচু করলেই দেখা যায় কিন্নরলোক ।
পেঁয়াজের খোসার মত জড়াজড়ি করে রাখা
রিপুগুলো একে একে ছাড়িয়ে যাতে
শুদ্ধতাকে মুঠিতে চেপে চাখতে পারি মহাকাল ।
আমি চেয়েছিলাম
যাতে এই ছেঁড়া ফাঁড়া সমাজটাকে সেলাই করতে পারি,
টোকাই ছেলেটার মাথায় হাত রেখে বলতে পারি,
“নে এইবার বেচে বর্তে থাক”।
কিন্তু আফসোস !
বার বার নিচে পড়ে গেছি
মানুষের ভিড়ে মানুষ হয়ে গেছি বার বার ।
(৫)
আগে থেকে কিছুই বলতে পারি না ।
বিশ্বাস করুন, আগে থেকে কিছুই বলতে পারি না।
অভ্যাস এমন যে ,
একবার ভিজে গেলে
একশো সূর্যের নিচেও শুকাতে পারি না ।
(৬)
হৃদয়ের চামড়াটা পুরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে
কিছু পেলবতা ফিরে গেছে
কিছু কষ্ট বুমেরাং হয়ে উড়ে গেছে উৎসে
খসখসে ত্বকটা ছুঁয়ে ছুঁয়ে কেউ কেউ বলে গেল,
আস্ত গণ্ডার ! জড় একটা !
(৭)
ঝরে পড়ছে পাতা
বৃক্ষ অবনত
তোমার আমার মৃত কথার
শব্দ শত শত।
(৮)অন্তর্জাল
যাদুর শহর হারিয়ে যাবে একদিন
কিংবা হয়তো একদিন নিজেই চাবিটা শূন্যে ছুড়ে দিয়ে বলবো;
যা শালা! বিলীণ হয়ে যা!
(৯)
আমিও মিডাসের মত বিশিষ্ঠ রূপান্তরক
যারা যারা পাথর হতে চান
আমাকে ছুঁতে পারেন।
(১০)
ঝরে পড়া পাতাদের কোরাস,
"ওয়ান্স মোর.. ওয়ান্স মোর ঈশ্বর!
আর একটা জীবন চাই"।
কবিতায় অনেক অনিয়মিত। আদৌ কবিতা কিনা তাও জানিনা। কবিরা মাফ করবেন।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


