
আমাদের প্রেম হার মানাতো কোন অমর গাঁথা,
যদি থাকতো শব্দের বুননে।
আমাদের কথার ইন্দ্রজাল,
খুনসুটি সব হয়ে যেত মহাকাব্য;
মুখে মুখে ফিরতো মানুষের, হাজার বছর ধরে!
গান বাঁধত হয়ত শব্দভুক গীতিকারের দল,
কিন্তু দেখো তা কারো চোখে পড়েনি-
হয়নি যা হতে পারত
চেপে গিয়েছি;আমি তুমি দুজনে-
প্রকাশিত হয়েছিল দীর্ঘশ্বাস হয়ে!
তবু কস্তরীর ঘ্রাণ কি বলো চেপে রেখে যায়?
সাইরেনের শব্দের মত তা দুর দুরান্তে পড়ে ছড়িয়ে,
আমাদের প্রেম ও চাপা পড়েনি মিথ্যার ভিড়ে।
গ্রাস করতে পারেনি শব্দভুকের দল,
সেই প্রেম জমা পড়েছে পাহাড়ের ঢালে,
সমুদ্রের গর্জনে
শত বছরের মেঘদলে
নদীর কুলু কুলু কলতানে
আর বাতাসের চাপা দীর্ঘশ্বাসে ।
কখনো সে প্রেম ছাপিয়ে উঠেছে নদীর প্রান্তর,
বন্যায় ভেসে গিয়েছে দেশ ।
শুধু আমরাই জানি,
প্রতিটি বিন্দু জলধারা ওগুলো আমাদের ভালোবাসা।
কখনো সে প্রেম উন্মোচিত হয়েছে চাঁদ হয়ে জোছনার রাতে,
নির্বোধ পৃথিবীবাসী চিত্কার করে
,'দেখ দেখ কি অসহ্য জোছনা' বলে।
আমরা জানি এতো আমাদের ই প্রেমের প্রগাঢ়তা ,আমাদের ভালোবাসা
যার গল্প প্রকৃতি লিখে চলে পরতে পরতে।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


