ছিপ ফেলে বসেছিলাম আমরা
কুমারদহর বাঁকে
এখানেই খানিক জল হাঁটু গেরে বসে। বিষণ্ণ মুখে—
বাকি সব খাঁ খাঁ স্মৃতি উত্তাল যৌবনের
অদূরে ডিঙ্গিগুলো, চুবিয়ে রেখেছে গ্রামবাসী
নয়ত ফেটে যাবে রোদে
মাথা বের করে আছে সব, কালো মহিষের মতো
গলুইয়ের পর ঝরে যায় পূর্ণিমা— চুপিচুপি
চুইয়ে নামছে জলে
জলপরীদের গায়ে
নেচে যায় তারা হাওয়ায়। খসে পড়ে নূপুর
কারও বুকের ঘ্রাণ অথবা ভাঁট ফুলের—
নেশাগ্রস্থ করে রাখে সারারাত।
আমরা দুজন জেগে শুধু পৃথিবীর তীরে
না কোনও মাছ জোটেনি কারও
খালুই ভর্তি করে এনেছি ফাল্গুনের জ্যোৎস্না।
আহা রুবন
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



