তোমাদের জন্য ভালোবাসা
মন জুড়ে ভরে নাও পিয়ানোর মধুর সুর
আকাশের ধ্রুবতারার ঝকঝকে সাদা আলো
ক্লান্তি-কর্ম রেখে বসে যাও দূরের সবুজ মাফে
শান্তি শৃঙ্খলায় বয়ে উঠুক নিত্যদিনের হালচাল
কাব্যের তাড়নায় উদ্বুব্ধ হোক কবির কলম
গোলাপ ফুলের মিষ্টি গন্ধ আমোদিত করুক চারিদিক
উৎসবে আনন্দে মুছে যাক জীবনের সব গ্লানি
ব্যর্থ পথিকের পায়ের ফোসকা মিশে গিয়ে হোক
সোনার কবচ...
এই কামনাই রইলো সারাজীবন-
তোমাদের জন্য ভালোবাসা...
২১-০১-২০০৩, মঙ্গলবার, রাত ৮টা
তখন পড়ি ক্লাস থ্রি কিংবা ফোরে। আজ থেকে প্রায় নয়-দশ বছর আগের কথা... কবিতা লেখার একটা খাতা ছিলো আমার। গোপনে কত যে কবিতা লিখে স্বপ্ন দেখতাম অন্য এক জগতের... দু:খ কষ্টমিশ্রিত অপার্থিব সব অনুভূতি গ্রাস করতো আমার সমগ্র চেতনাকে। জানতামও না ছোট্ট রুদ্র এই আমি ধীরে ধীরে যা লিখছি তার সবগুলোই হয়ে উঠছে আমার জীবন-ইতিহাসের বাস্তব দলিল! যা লিখছি তার প্রতিটা লাইনই একসময় আমাকে স্মৃতিতে আচ্ছন্ন করে রাখবে... আমাকে কাঁদাবে... হাসাবে... নতুন করে ভালোবাসতে শেখাবে... এক অপূর্ব নস্টালজিয়ায় আচ্ছন্ন করবে আমাকে...
নিমন্ত্রণে অবকাশ
নিশ্চল, নিশ্চুপ প্রকৃতিকে জলের অমিয়ধারার
প্রাণ বন্যায় মেতে ওঠানোই বর্ষার কাজ।
এই সবুজ শিহরিত বৃক্ষনিবাসে
অথই পত্ররন্ধ্রের সমারোহে জাগ্রত পাতা-
কৃষ্ণচূড়ার আমোদিত সুবর্ণ ভীতিতে
হৃদয় ক্ষয়ম করা; আরো দানা খাওয়া-
কোকিল-শালিকের অজীর্ণ কাজ তো সেটাই।
নীল আকাশের নক্ষত্র-মণ্ডলীর তারায়
যেসব আত্মা মিশে গিয়ে নিথর হয়ে আছে
তাদের তরে মহাকাশে পড়লো ফুলের সুবাস...
যদিও তোমার হাতের বালায় লেগে ছিলো চুমকি
তবে সেটাতো আর ভালোবাসার জিনিস নয়!
জড় দুর্ভিক্ষের করুণ কথা কি কেউ চিন্তা করে?
ইস্পাতের ধাতব কবচে ফুটে ওঠা গরম জল...
তোমার নিঃশ্বাসের সাথে পড়ুক আমার নাম,
আষাঢ়-শ্রাবণ বারিধারায় ভরুক উতলা আকাশ।
২৫-০১-২০০২, শনিবার, রাত ১০ টা
ভালোবাসা নিয়ে লিখা আমার প্রথম কবিতা 'নিমন্ত্রণে অবকাশ'। ক্লাস ফোরে একটা ছেলের মগ্নতা এখনো আমাকে ভাবায়... ঐ সময়টায় কাকে নিয়ে লিখেছিলাম? অনেকেই প্রশ্ন করে... হারানো কাউকে? মুঠোফোন-ইন্টারনেটের অত দাপটও ছিলোনা তখন... এটা না হয় গোপন-ই থাকুক!
মা দেখে ফেললেন ছেলের অপকর্ম। হঠাৎ একদিন খাতাটা খুঁজে পেলাম না। পৃথিবীর সবচেয়ে দুঃখী মনে হয় এই আমিই। খুব হতাশ হয়ে পড়েছিলাম সেদিন... তারপর... একদিন মা কতগুলো বই নিয়ে আসলেন। কার বই? এ কী? লেখকের জায়গায় দেখি আমারই ছবি! আশ্চর্য শিহরণে কেঁপে উঠলো বুক... চোখ ভেসে যেতে থাকলো আনন্দ অশ্রুতে... যদি না কবিতার খাতাটা মা আর বড়বোন পরিকল্পিতভাবে সরিয়ে দিয়ে সেগুলোকে পরম যত্মে বই করে বাঁধিয়ে আনতেন, তাহলে হয়তো আমার কাব্যপ্রতিভা (!) চিরকালই হৃদয়ের গোপন জায়গাটায় লুকায়িত থাকতো। কখনোই আমি প্রকাশ করতাম না আমার অনুভূতি... পরে অবশ্য বাবা ভালোমতো সিদ্ধান্ত নিলেন ভালোভাবে আরেকটা সংস্করণ বের করবেন। বের হলো ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়। নামটাও মা'র দেয়া 'নিমগ্ন সংলাপ'... আমার সারাজীবনের শ্রেষ্ঠ স্বপ্ন... শ্রেষ্ঠ মুহূর্ত...
হীনতা
হৃদয়ের আগাম ক্লিষ্ট হীনতায়-
ভেঙে যায় বুকভরা মধুর আশা আর
শত সহস্রাব্দের সাজানো সংসার।
দুর্বিষহ, নিশ্চুপ হয়ে ওঠে প্রান্তর
অমৃতের বদলে নীলিমা পান করে পাপাচারী গরল
ছন্দিত নর্তকীর দেহে-
একি! বিষাক্ত গোখুরো... নিমিষেই মেলে আছে
অন্ধকারের করুণ থাবা!
যেন হঠাৎ মারবে ছোবল
হৃদয়ে, বক্ষে - অজ্ঞাতের
হায়! মুখে আঙল পুরছে না আর
ক্লান্ত, অসহায়, নির্বাক শিশুগুচ্ছ;
নির্মল, সুগন্ধি পুষ্পযুগল
কালো দুর্গন্ধে ভরছে নিত্যই
এসে গেছে যেন অজ্ঞাত জানোয়ার
ক্রমেই ধ্বংস হবে পৃথিবী!
১৭-০৩-২০০৩, সোমবার, রাত ৮টা ৪৭ মিনিট
কবিতার বইটাতে কোন কবিতাই এদিক সেদিক করা হয়নি। কবিতার খাতাটায় যেভাবে লেখা হয়েছে সেভাবেই তুলে ধরা হয়েছে, শুধু কিছু বানান আর যতিচিহ্ন ছাড়া। হয়তো একদিন সবকিছুই ভুলে যাবো, বড় কোন কবি হওয়ার স্বপ্ন দেখি না, কবিতা লিখি...এতটুকুই... কিন্তু কবিতার স্মৃতি নিয়ে আমি জীবনের শেষ স্টেশনে পৌঁছতে পারবো এই প্রার্থনা করি।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




