শ্মশানঘাটের শুষ্ক ছাইগুলো...
বহুদিন আগের এক নক্ষত্র-পূজারীর আগুন-জ্বলা
চোখে; সেই ছাইয়ের কুণ্ড একটার পর একটা উড়ে
ভেসে ওঠে এক আহত পাখির ডানা...
পুরনো কালবৈশাখী ঝড় আজ তোমার চোখের তারায়
বাতাসে কেঁপে ওঠা বিরহী হৃদয়, বিষণ্ন ক্রিসমাস ট্রি
শিবের লাজুক মূর্তি, অন্ধকারে লুকিয়ে থাকা আততায়ী অক্ষর
নির্জন সামুদ্রিক বাতাসে হাহাকার করে ওঠা খুনী ঢেউ
আরো একটি অপরিণত শিশুর মৃত্যু...
বৃষ্টিতে হাত বাড়িয়ে ভিজছে নিঃস্তব্ধ কেউ।
অন্ধকার ছায়াপথ পেরিয়ে আজো খুঁজে ফিরি
মৃত্যুর নিথর সিঁড়ি; পরিত্যক্ত শালবনে স্পর্শকাতর
বিমর্ষ সঙ্গীত : নিমিষেই ধ্বংস করে লালন...
শরীরের ভেতরে জেগে ওঠা আরেক শরীর
নিঃসঙ্গ কফির পেয়ালায় স্থির তোমার তৃষ্ণার্ত ঠোঁট
বাইরে তুমুল বৃষ্টি, শরণার্থী শিবিরে যুদ্ধশিশুদের
ক্রন্দনধ্বণি, ধর্ষিত রজঃস্বলা নারীদের আর্তনাদ
নরকের বাতাসও এতটা উষ্ণ হতে পারে?
এই প্রশ্নে বিমূর্ত ঈশ্বর, কাঁদছে বৃষ্টির আরো অনেক পরে
সূর্যাস্ত-গোধূলীতে, শতাব্দীর শ্রেষ্ঠ চিকিৎসক সময়কে
বুড়ো অঙুলি দেখিয়ে অবাধ সঙ্গমে লিপ্ত
মানুষরূপী কতিপয় রাজহাঁস...
রূপালী নদীতে ঝরে পড়ে যাচ্ছে সকল পালক...
পৃথিবীর সকল দরোজায় প্রতিধ্বণিত হয়ে ফিরে আসছে
কেবল একটিই শব্দ...
নৈঃসঙ্গবোধ!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


