হৃদয়ের দরজায় কড়া নেড়ো না
ওখানে এখন প্রেম নেই আছে শুধু দ্রোহ
সেদিনও যে পথে পড়ে থাকত বকুল
সেখানে আজ পড়ে থাকে গ্রেনেড
তুমি আর এসোনা, কড়া নেড়ো না
ঈশ্বরের ঘরেই পড়ে থাকি রোজ
তবু কত কলঙ্কের কালিমা গায়ে
সময় এখন সময়ের ঘাতক
বিশ্বাস অবিশ্বাসের ফাঁদে পড়ে
কারাবন্দি মোমের আলো
তোমার দেয়া সেই রক্তকরবী
ঘাতকের গায়ে সফেত সাদা রঙ
হাতে রক্তমাখা তরবারি
বার বার ছিনিয়ে নিতে চায়
আমার সবুজ ঘাস, নীল আকাশ
যেখানে তোমাকে নিয়ে কাটিয়েছি
যুগ যুগ, ঘুড়ি হয়ে উড়েছি ইচ্ছেমতো
আমি এ আকাশ ওদের দিতে পারব না
চুপ করে কেন, কিছু বল?
তুমি কড়া নেড়ো না
এখানে এখন প্রেম নেই
আছে শুধু দ্রোহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




