
সর্বস্ব উজাড় করে যারে বাসি ভালো,
শয়নে-স্বপনে যে অন্তরে বাস করে;
আমায় ত্যাগ করে সে কোথায় হারালো?
নিয়েছে আশ্রয় কার মনের কোটরে?
পৃথিবী চষে বেড়াই পাবো বলে খোঁজ,
পাই না কোথাও তার টিকিরও ছায়া;
গায়ের রক্ত তরল পন্ডশ্রমে রোজ-
চরাচরে কেউ নেই দেখাবে যে মায়া!
সে কার বুকের ভাঁজে নিয়ে নিলো ঠাঁই?
মায়াজাল বুনে কার সাজালো বসত?
ভুল করে যদি তার দ্বারে চলে যাই
দীনহীনে দেখাবে কি মায়া-মহব্বত?
আস্থা রাখি পৃথিবীর যতো অসম্ভবে-
খুঁজে ফিরি আপনায় তার অবয়বে।
২০ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



