তোমায় আমায় মিলে রচিত হবে এমন প্রেমের কাহিনি,
ধর্মগ্রন্থের মতো যে কাহিনি পঠিত হবে সব ঘরে ঘরে;
পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পড়ে যাবে কানাকানি
শ্রদ্ধায়-ভালোবাসায়, মায়া-মমতায়, উদ্দীপনা, সাড়ম্বরে।
সবার হৃদয়ে নিরন্তর দিয়ে যাবে দোলা মধুর সে বাণী,
হাসবে, কাঁদবে; উচ্ছ্বাসে উন্মাদনায় প্রাত্যহিক অবসরে,
মর্ত্যলোক ছেড়ে অসীম আকাশ স্বর্গলোকে হবে জানাজানি-
পাখপাখালি যেমন আকাশের সাথে গোপনে মিতালী করে।
মৃত্যুর পরেও তুমি আর আমি জাগরিত হৃদয়ে হৃদয়ে,
অমর সে প্রেম কাহিনির হয় কি কখনো সমূলে বিনাশ?
সশ্রদ্ধ নৈবেদ্য অনুরাগে ছুঁড়ে দেবে হৃদয়ের দেবালয়ে-
ভক্তকুল গাইবে ভজন গীতিকা চৈত্র-কার্তিক বারোমাস।
এমনই কাহিনির খুঁজে উদাসীন পথিকের মতো ছুটি,
মনের সুখ, চোখের ঘুম, সকলই গেছে চিরতরে টুটি।
৫ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
