পথ মানেই পথ পেরুবার ইচ্ছে থাকে।
সদর দরোজা ডিঙ্গিয়ে পথ, পথ পেরিয়ে ধুলো, ধুলো মাড়িয়ে ক্ষেত। ক্ষেতের ধারে আলপথ।
আর থাকে বাড়ী ফেরার তাড়া।
সবার অবশ্য থাকে না।
যাদের ঘরে সানকিতে কাচা লংকা আর সাদা ভাত দেয়ার কেউ নেই।
হাত পাখা নেই।
জানালায় আলো নেই। কেরোসিন নেই। নুন নেই। তেল নেই।
দুখানা কাজল টানা চোখ নেই।
তাদের অবশ্য বাড়ী ফেরার তাড়াও নেই।
তাদের আছে আলপথের পরে জলপথ, জলপথের পর কালপথ।
তারা সেসব মাড়িয়ে যায়। তাদের পিছু ফেরার তাড়া নেই।
তারা জানে, কেউ অপেক্ষায় নেই।
সলতে নেই, আলো নেই, চেয়ারের পায়া নেই,
বিছানায় একটা মাত্র বালিশ। সেখানে গল্প নেই।
তারা হেঁটে চলে। তাদের গন্তব্য নেই। মেঠোপথ জুড়ে তীব্র কাঁটা। তাদের কেউ নেই।
তাদের অপেক্ষায় কেউ নেই!
তবুও বুকের ভেতর কোথাও হঠাৎ মনে হয়, কেউ কি সত্যি নেই? সত্যি চেয়ে নেই? নাকি আছে?
হয়তো অপেক্ষায় চেয়ে আছে। আচলের পাখা নাড়ছে। সানকিতে ভাত বাড়ছে।
ভাঙ্গা আয়নায় গভীর যত্নে কাজল আঁকছে চোখে।
তারা হঠাৎ সাহস করে পেছন ফেরে।
সেখানে কেউ আছে, কেউ নেই।
আসলে, কেউ থাকে, কেউ থাকে না।
কেউ থেকেও থাকেনা।
কিংবা কেউ না থেকেও থেকে যায়।
থেকে যায়, সবটা জুড়ে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


