তখন বেলি কেডস আর জাম্প কেডসের যুগ।
আমাদের পুরো গ্রামে একটামাত্র টেলিভিশন। ন্যাশনাল টিভি। তৎকালীন স্থানীয় সংসদ সদস্যের উপহার। সেই টিভি থাকে বাজারে। চলে ব্যাটারিতে। সময়-সুযোগ পেলেই আমরা সেই টিভি দেখতে যাই। টিভি খুললেই জাম্প, জাম্প, জাম্প কেডস এবং বেলি, বেলি, বেলি কেডসের বিজ্ঞাপন। আমাদের অবশ্য কেডস-ফেডসের বালাই ছিল না। সারাদিন খালি পায়ে বনবাদাড়ে ঘুরে বেরাতাম। রাতে ঘুমানোর আগে কোনমতে পা ধুয়ে বিছানায় গিয়ে উঠে পড়তাম।
পরদিন আবার উদোম পায়ের ভোর শুরু।
আমার এক খালা শহরে থাকেন। এক শীতের সন্ধ্যায় তারা আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। সাথে তার দুই ছেলে। ওদের দিকে আমি অবাক হয়ে তাকাই। কি সুন্দর জামা, ইংলিশ হাফপ্যান্ট, ছোট ছোট হাতে ছোট ছোট ঘড়ি। খেলনা ঘড়ি না, সত্যিকারে কাঁটাওয়ালা ঘড়ি। সেই কাঁটা টিকটিক করে ঘোরে। আহা! ওরা কি সুন্দর করে কথা বলে! আমি ওদের সবকিছুতেই মুগ্ধ হই। তবে , মুগ্ধতা ছাড়িয়ে বিমুগ্ধ হয়ে যাই যখন ওদের পায়ের ঝকঝকে জুতা দেখি। বিমুগ্ধ মানে বিশেষভাবে মুগ্ধ!
সেই বিমুগ্ধ আমার ঘুম থেকে উঠতে হয় কাকডাকা কুয়াশা ভোরে। 'বিশেষ মুগ্ধতা' কাঁটিয়ে ঠুকঠুক করে শীতে কাঁপতে কাঁপতে আমাকে মক্তবে যেতে হবে। সেদিন আর মক্তবে যেতে ইচ্ছা করে না। বাইরে বেড়িয়ে দেখি ওরা দুই ভাই জাম্প কেডস পায়ে ঘাসের ভেতর দিয়ে দৌড়াচ্ছে, আর টেলিভিশনের মতো করে ছন্দে ছন্দে বলে যাচ্ছে, জাম্প, জাম্প, জাম্প কেডস...
আমি ঘুমভাঙ্গা চোখে আকণ্ঠ তৃষ্ণা নিয়ে তাকিয়ে থাকি। ইশ! আমারও যদি অমন ঝকঝকে সাদা একজোড়া জাম্প কেডস থাকতো! আমাকে অবাক করে দিয়ে ওদের মধ্য থেকে একজন বলে। 'কি-রে? জুতা পড়বি?'
আমি চিন্তায় পড়ে যাই। কি করবো? আম্মা আবার বকবে না তো! আম্মা সবসময় বলে, 'অন্যের জিনিসে লোভ করতে নাই বাবা। নিজের যা আছে তাই সই।' কিন্তু আমি সেসব বেমালুম ভুলে যাই। ঘাড় কাঁত করে জানিয়ে দেই, 'পরবো'।
জুতা পায়ে পড়ে আমার মনে হয়, আমি সত্যিকার অর্থেই মাটির অনেক ওপর দিয়ে হাঁটছি। শরীরটাকে পাখির পালকের মত হালকা মনে হয়। মনে হয়, আমি বাতাসে ভেসে বেড়াচ্ছি। ইশ! এমন এক জোড়া জুতা যদি আমার থাকতো! সমস্যাটা হোল জুতা খুলে রাখার পরে। আমার খালি পায়ে হাঁটতে কেমন অস্বস্তি হতে লাগলো। কেমন একধরনের ঘোর পুরো শরীর জুড়ে।
সেবার ঢাকা থেকে আব্বা বাড়ী আসার পর একজোড়া জাম্প কেডসের জন্য সেকি বায়না। সকাল বিকাল সন্ধ্যা আব্বার কানে অবিরাম ঘ্যান ঘ্যন, অনুরোধ, কান্না। 'আব্বা, একজোড়া জাম্প কেডস কিনে দিবেন? একজোড়া?' বিরক্তির চরম সীমায় পৌঁছে আব্বা শেষমেশ বলতে বাধ্য হলেন, 'আচ্ছা, যা। পরের বার আসনের সময় নিয়াসবো।' সেই পরেরবার আর আসে না। আমি প্রতিদিন ঘুম থেকে উঠি, ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখি, আম্মার কাছে লেখা আব্বার চিঠি লুকিয়ে চুকিয়ে পড়ে ফেলি, কোথাও লেখা আছে কিনা, আব্বা কবে আসবেন। আম্মা যখন আব্বাকে চিঠি লেখেন, তখন তুমুল আগ্রহ নিয়ে বসে থাকি, 'আম্মা, আমার জাম্প কেডসের কথা কিন্তু লেইখ্য।'
আব্বা এরপরও কয়েকবার বাড়িতে আসেন। এসে চলেও যান। আব্বার সবই মনে থাকে, কেবল কোন এক অদ্ভুত কারণে আমার জাম্প কেডসের কথা তার মনে থাকে না। আমার কান্না, আমার অপেক্ষা, আমার স্বপ্ন আর স্বপ্নভঙ্গেরা মিলেমিশে একাকার হয়ে যায়। একসময় আমি জাম্প কেডসের কথা ভুলে যাই। মাঠের সুচালো ঘাস, শক্ত মাটি, এঁটো কাঁটার ঘষায় আমার পায়ের নগ্ন তালু ক্রমশই সেইদিনের সেই জাম্প কেডসের পেলব ছোঁয়ার কথা ভুলে যায়। আমিও ভুলে যাই।
কিছু দিন পরের কথা।
ভোরের আকাশ কেবল ফর্সা হয়েছে। আমাকে গভীর ঘুম থেকে ডেকে তোলেন আব্বা।
-এই, ওঠ ওঠ। ব্যাটা মাইনসের এত ঘুমাইলে হয় নাকি! দ্যাখ দ্যাখ তোর লাইগা কি আনছি?
আমি আধবোজা চোখে আব্বার দিকে তাকিয়ে থাকি। আধো অন্ধকারেও তার হাতে চকচক করে একজোড়া সাদা জুতা।
জাম্প কেডস!!
আমি তড়াক করে লাফিয়ে উঠি। আমার আধবোজা চোখ পুরো খুলে যায়। আব্বার হাত থেকে ছোঁ মেরে আমি জুতা জোড়া কেঁড়ে নেই। আমার মনে হতে থাকে আকাশ বাতাস জুড়ে অজস্র শুভ্র সাদা ফুরফুরে পাখির পালক ভেসে বেড়াচ্ছে। ওই পালকের মধ্যে আমিও আছি। আমিও ওদের একজন। ভেসে যাই মেঘ থেকে মেঘে।
স্বপ্ন কিংবা সত্যি'তে।
----------------------------------------------------------------------
পরিশিষ্টঃ
সমস্যাটা হচ্ছে ওই শেষ লাইনে। ওই যে, স্বপ্ন কিংবা সত্যি'তে! আমার স্বপ্নগুলো, ওই 'স্বপ্ন' পর্যন্তই ঠিক থাকে। সত্যগুলো কেমন অন্যরকম। আমি জুতাজোড়া হাতে নিয়ে কিছুক্ষণের ভেতর কেমন মিইয়ে যাই।
-'এত শক্ত কেন? জাম্প কেডসতো এতো শক্ত না আব্বা?'
-'আরে, এইডা নতুনতো এইজন্য শক্ত। দুই চাইরদিন পায় দিলে, পুরান হইলে, ঠিক হইয়া যাইবরে বোকা! শুনছোস কখনো, নতুন জুতা নরম থাকে! তুইকি আহম্মক নাকিরে'!
হ্যা। আমি আহম্মক। আমি আহম্মকই থেকে যাই। দিনের পর দিন যায়, আমার সেই নতুন জুতা আর পুরান হয় না। সে কাটাতারের মতন শক্ত আর তীক্ষ্ণ হয়েই থাকে। ফুটপাথ থেকে ষাট টাকায় কেনা আব্বার সেই প্ল্যাস্টিকের সাদা জুতাজোড়া পড়ে আমি হেঁটে যাই। হেঁটে যাই আর হেঁটে যাই। আর ভাবতে থাকি, আমার পায়ে পাখির পালকের মত নরম একজোড়া জাম্প কেডস। সেই জাম্প কেডস ধুলবালিতে মলিন হলে আমি পুকুরে গিয়ে তা ডলে ডলে পরিস্কার করি। সাদা চক দিয়ে ঘষে ঘষে সত্যিকারের জাম্প কেডসের মতো ধবধবে সাদা করি। তারপর আলগোছে পায়ে দেই। পায়ে দিয়ে ছুটি। ছুটি। ছুটি।
আর বিড়বিড় করে বলি, জাম্প, জাম্প, জাম্প কেডস...
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


