মেঘের বুকে বিবশ ভীষণ কষ্ট দেখেও
এক জীবনের নাম দিয়েছি চন্দ্রকথা
কাব্যগুলো তোমার আমার বুকের মত
জলের ধারায় ভিজিয়ে বলে বর্ষাগাঁথা
বুকের ভেতর জোছনা থাকে মেঘ শেখাল
চাঁদ শেখাল পুড়তে জানা অসম্ভবে
খুব নীরবে কাঁদছে যে জন ভীষণ তাপে
কে দেখেছে তাঁহার দহন, কখন, কবে?
একলা একা ক্লান্ত মাঠের ধূসর ঘাসে
যে জোনাকি লুকিয়ে কাঁদে প্রদীপ জ্বেলে
তাহার বুকের গহীন জুড়ে কেমন আঁধার
কে জেনেছে সবটুকু জল জোছনা ঢেলে?
একটা পাহাড় কাঁদল যখন পাথর বুকে
ঝর্না দেখে কে বোঝে সেই আকুলতা
চাঁদের বুকেও 'জোছনা' জুড়ে 'দহন' লেখা
সেই জীবনের নাম দিয়েছি 'চন্দ্রকথা'।
----------------------------------------------
চন্দ্রকথা/ সাদাত হোসাইন
২৯/০৫/২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



