- 'তুমি বড় হয়ে কি হবে?'
মেয়েটা ঘাড় বাঁকিয়ে বলেছিল, 'চোর হব'।
- 'চোর?!'
- 'হা।'
- 'কেন?'
- 'কেন আবার? তোমাদের বয়ামভর্তি যে আচার, কেউতো আমায় তা একটুও দিল না। আমি তাই বড় হয়ে চোর হব, তারপর সবটা আচার চুরি করে খেয়ে ফেলব'।
দু কাঁধে বেণী ঝুলিয়ে ফোলা ফোলা গালগুলি আরও খানিকটা ফুলিয়ে সেই ফ্রক পড়া ছোট্ট মেয়েটা কি অদ্ভুতভাবেই না বলেছিল চোর হবার কথা!
আজ বছর কুড়ি পরে, ছন্নছাড়া, স্বপ্নহীন এই আমায় যদি সেই মেয়েটা এসে উল্টো জিজ্ঞেস করে, 'তুমি কি হতে চাও?'
আমিও আজ তার চোখে স্থীর চোখ রেখে বলব, 'চোর হব'।
সে যদি তখন জিজ্ঞেস করে, 'চোর? চোর কেন?'
আমি বলব, 'কেন আবার? আমার বুকের সবটাভর্তি যে তুমি। কিন্তু কই? কেউতো আমায় তোমাকে একটুও দিল না। দিবেও না। তাই চোর হয়ে আমি সবটা তোমায় চুরি করব'।
মেয়েটা তখন কি বলবে?
কি বলবে কে জানে!
তবে সে আমাকে ডাকাত হতে বলেছিল!
তার নাকি দস্যিপনা ভীষণ পছন্দ!
----------------------------------------------------
চোর-ডাকাত/ সাদাত হোসাইন
১৯/০৬/২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




