চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজিরহাট এলাকায় বৃহস্পতিবার দুপুরে হেফাজত ইসলাম ও আওয়ামী লীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের নেতাকর্মী, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মচারী, বিজিবি সদস্য, সাংবাদিকসহ অন্তত অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ সময় হেফাজতের নেতাকর্মীসহ স্থানীয় উত্তেজিত গ্রামের লোকজন প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল, চারটি মিনি ট্রাক, তিনটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস, ফায়ার সার্ভিসের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পর বিকেল সাড়ে ৪টা থেকে ফটিকছড়ির ভুজপুর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বাংলানিউজকে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছি। উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে বিজিবি ঘটনাস্থলে কাজ করছে।”
তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিজিবি সদস্যদের উপরও হেফাজতের কর্মীরা হামলা করেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাদের একটি গাড়ি।”
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফম নিজাম উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হেফাজত কর্মীদের হামলায় তিনি নিজে এবং আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




