সামনের ত্রিতল ভবনের ছাদের কার্নিশ ঘেষে কাকেদের কনফারেন্সে হঠাৎৎৎৎ ৎ ৎৎৎৎছো মারে সন্ধ্যা।
নক্ষত্রের রেণু মাখানো অনন্ত ছায়াডানার নিচে মুহূর্তে কাকগুলো উপাসনার ভঙ্গিতে স্ট্যাচু; সুখের কাঁটার মত মধুর বিভ্রম বিঁধে গেল দেবদারুর মগডালে; কী আশ্চর্য সুন্দর বিভ্রম! উল্টোদিকের ব্যালকনিতে একটি ক্যানভাসে অসমাপ্ত চিত্রকল্পের পাশে কয়েকটা রংতুলি সেজদা দিচ্ছে ইজেলের ’পরে।
সুন্দর বিভ্রমের কাছে বিনম্রতায় মাথা নত করে আছে চিত্রকলার অন্ধ পৃথিবী...
এবার ইজেল থেকে উৎক্ষিপ্ত হচ্ছে জলরং। মফঃস্বলের চাঁদির উপরে সন্ধ্যার অবয়বে লাগছে রঙের ছোপ; কাকগুলো কালোর ভেতরে নিগূঢ় কালো, প্রত্যেকের ডানার পরাবাস্তব ওমে একটি করে স্বপ্নচিত্র অথবা দানা বাঁধছে একপ্রেসশনিজম; কাকগুলো একটি একটি করে অদৃশ্য হতে থাকলে অসমাপ্ত চিত্রকল্পের চক্ষুদান হতে থাকে...
এখন শুধু চিত্রকলা।
কেউ কোথাও নেই। না চিত্রকর। না পদ্যকার। না মাতাল। অথচ দ্যাখো নভলোক থেকে, ম্যাথরপট্টির মশকঅধ্যুষিত পয়ঃপ্রণালির উপর থেকে ঝরছে গীতাঞ্জলির মত বিশুদ্ধ ছত্র...
কাকের চোখের মত নিরাপরাধ স্বচ্ছতায়...
কাকের ঠোটের মত কৌমার্যে...
কাকের ডানার ওমের মত পরাবাস্তব নিবিড়তায় প্রকাশিত হচ্ছে সন্ধ্যার স্তনাগ্রে...
এখন শুধু কাব্যকলা।
চন্দ্রালোকে কাকান্ধকার বয়েসী-স্তনের মত ঝুলে গেলে চিত্রকর আসে, পদ্যকার আসে, মাতাল আসে...চিত্রকলা ভেঙে যেতে থাকে আর বিশুদ্ধ ছত্র ভেঙে খান খান হতে থাকে...
ছত্র ভাঙছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

