
নীল আকাশের নিচে ওপারের সবুজ কাশবন,কখনও শান্ত পদ্মার নির্মল বাতাস, কখনও ভাঙ্গা ভাঙ্গা ঢেউ এর নাচন ,প্রতিদিন সান্ধ্য প্রদীপ নেভার মতই পশ্চিমাকাশে রক্তিম সূর্য ডোবা দেখার নেশায় ছুটে আসি। তোমার সাথে আমার হৃদ্যতার ভাটা পড়েনা, বরং ক্রমশ ফুলে ফেপে ওঠে জোয়ারের মত। অনেক কিছুই জানার ছিলো বুঝার ছিলো,বুঝানোর ছিলো।
আচ্ছা আরিশা , তুমি কি পদ্মা ?হিমালয়ের মেয়ে শীতল পদ্মা?
একটুও ক্লান্ত হওনি তুমি , সাই সাই করে আমার আগেই এসেছো পদ্মা দেখতে।
মা হিমালয়ের অবাধ্য হয়ে বুক চিড়ে আসা এই পদ্মা আসলে তুমি , তুমিই তো পদ্মা।
আমার সাথে আসবেনা বলে মন খারাপ করে লোকাল ট্রেনের দরজায় মাথা ঠেকে বসে ছিলাম , এসে দেখি গুনগুন করে গাইছো একা।
কি দেখো ঐদিকে এমন করে?
-আমি কাশফুল দেখি, সাদা সাদা। ঐ দেখো বক , সাদা । দেখো দেখো লঞ্চটাও সাদা। সন্ধ্যা হয়েছে ,এবার বাসায় ফেরো।যাও , আমার জন্য বসে থেকোনা।
আরিশা , তুমি কি কাশফুল হবে অথবা বক আমার জন্য ? তুমি ফিরবেনা ?
-আমি কাশফুল না, বক না। বকেরা নীড়ে ফিরে , আমি না , , , , , আপন নীড়ে ফেরো,যাও্।
তুমিও এসেছো এখানে । আমার সারা রক্তকনিকায় যে তোমার বিদ্রোহ, তুমি ফেরার আন্দোলনে বিভোর । তুমি হীনা আমার অর্ধাংশ জুড়েই রাত্রি, আর রাত্রিগুলোতো হয় একেকটা ঘোরতর অমাবস্যার! চোখ খুলে আকাশ দেখতে চাইলে মগজ উত্তপ্ত হয়ে যায়, যেনো আমি রাজার বিরুদ্ধে নীলক্ষেতে ধানের চাষ চাইছি। আর কিতাব! সে তো ছিয়েত্তরের মন্বন্তর, , ,
ঐদিন আট নাম্বার বাস থেকে দেখেছি জেগে দেখেছি দুপুরে ঘুমিয়ে দেখেছি সারারাত দেখেছি, ছাদ থেকে ছিটকে পড়া ধরাশায়ী মেয়েটা তুমি ই ছিলে? নাহ, হয়তো মতিভ্রম, , , ,
কি দেখো ঐদিকে এমন করে?
-আমি বই দেখি , নীলের। নীল লোহিতের। যাও, নীড়ে ফেরো।
আরিশা, তুমি কি আমার জন্য নীল হবে? নীলের মত নীল ? ফিরবেনা তুমি ?
এই ধর তিনটা শিঊলী ফুল,আর আমার তর্জনী । আমি জানতাম, আজ একুশের দিনটাতেও তুমি আসবে। তুমিই প্রতিদিন আমার ফুলগাছটাতে পানি দাও আমার বইগুলো গুছিয়ে দাও ,আবার আস্তে করে চলে যাও । বল তুমি আসোনা এভাবে প্রতিদিন?বলো?
কি দেখো ঐ দিকে এমন করে?
-আমি লাল দেখি, লাল। দেখো দেখো ,সূর্যটা আজ কত লাল দেখাচ্ছে। ভালো করে দেখ।
আরিশা, তুমি কি আমার জন্য লাল হবে?সূর্যের মতন লাল ?
-না, আমি সাদা কাশফুলের মত সাদা। সাদার ভেতর মোড়ানো সাদা, যাও নীড়ে ফেরো, , , , , ,
তুমি কি আজও ফিরবেনা? আর কখনোই ফিরবেনা?
-একুশ , তুমি একটুও বদলাও নি । আজও বুঝতে চাইলেনা, , ,
তুমি কি একুশ হবে শুধু আমার জন্যে , শুধু একটাবার আমার জন্যে ?
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




