একটা লোকের যে শেষমেষ কতটা জমিজায়গার দরকার হয়, টলস্টয়ের গল্প পড়ে তা আমরা জেনে গেছি।
কিন্তু তিনিও তেমন খোলসা করে তাঁর এত-এত বইপত্তরের কোথাও জানাননি যে,
শেষ পর্যন্ত যে লোকটা দৈর্ঘ্যে মাত্র ছয় ও
বহরে মাত্র তিন ফুটের বেশি
জায়গাজমির দখল নিতে পারবেনা,
মাটিতে সটান শুয়ে পড়ার আগ মুহুর্ত পর্যন্ত
এই এক- জীবনে ঠিক
কত টাকার
দরকার তার হতে পারে।
কিংবা ক'টা বাড়ির।
কিংবা ক'রকমের গাড়ির। এবং
লালচুল কালচুল নীলচোখ কটচোখ
মোটমাট ক'টি নারীর।
টলস্টয়বাবা নিজেই এখন মাটির তলায় শুয়ে সেখানকার
পোকামাকড়ের খিদে মেটাচ্ছেন।
দেশে দেশে তাঁর উত্তরসূরিরাও এই প্রশ্ন শুনে বিষম খেয়ে
মাথা চুলকে চুপ।
ফলে একটা ঘড়ির দাম ও যে ছ'লাখ টাকা
হতে পারে, হয় এবং
একটুও চিন্তাভাবনা না করে
সুটকেস বোঝাই টাকা দিয়ে তক্ষুনি যে কেউ- কেউ তা
কিনতে পারে, কিনেও নেয়,
কাগজে এই খবর পড়ার পর থেকেই আমরা
অর্থাৎ যারা নেহাতই গোলা লোক, তারা এখন
খাতা- পেন্সিল নিয়ে
যার যার নিজের মতন করে
এই জটিল প্রশ্নের উত্তর খুঁজে যাচ্চি যে,
সত্যিই তো,
পেটের ভাত, পরণের কাপড় আর মাথার উপরে
একটা ছাতের ব্যবস্তা করে নেবার পর
বাদবাকি সাদ-আহ্লাদ মেটাবার জন্যে
এক জীবনে
একটা মানুষের ঠিক কত টাকার দরকার হতে পারে।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


