প্রকৃতির ছবি (1963) / উৎপলকুমার বসু
নিরক্ষর বেশ্যাদের চিঠিগুলি লিখে দিচ্ছি এই ফাঁকা তেষট্টিতে , মরিয়ম তোমার বাগানে , তোমাদের কার্পাসবাগানে , ঈশ্বরপ্রদত্ত গাধা চরছে একাই , নিরক্ষর বেশ্যাদের চিঠিগুলি আমি লিখে দিচ্ছি অতি পুরাতন বাবু ও দালাল ছাড়া এই ফাঁকা তেষট্টির খেতজাঙালের পাশে আমার হাস্যকর পাঠপ্রচেষ্টার খেলা আর কেউ দেখছে কি আমার দ্্বিধাবিভক্তির টান আর কেউ বুঝে ফেলছে না তো , মরিয়ম , ভোরবেলা জানালার পাশে শুনি রাজহাঁস ডাকছে নালায় , শাদা আমার চাদর দেখে রাজহাঁস খুঁটে দেখছে নিজের পালক , কার্পাসবাগানে ঈশ্বরপ্রদত্ত গাধা চরছে অমনই , আমার দু'খানি পা ক্রমশই বিদ্যুৎলতায় জড়িয়ে পড়ছে এবং চকিতে আমি দেখে নিচ্ছি ঐ অধিদেবতার মল পড়ে আছে বনে , পুরুষেরই মতো ওরা পুনর্জন্মভীরু তবু পুনর্জন্ম নয় আমি ব্যক্তিগত প্রেত দেখে কেঁপে উঠি স্বপ্নে , নালায় , এ-বছর মরিয়ম গভীর পচনশীল নীচু ডালে লেখা হল 'বন প্রদর্শক' , কাঁটা গাছ তুলে দেওয়া হল , বন থেকে বনে বনে টানা বিদ্যুতের তারগুলি মেলে দেওয়া হলো , 'মদ' বলে আমি বারবার পুরুষের স্ত্রীলোকের রক্তমোচন শুধু বোঝাতে চাইলাম তবু স্ত্রীলোকে বা পুরুষেও তাৎক্ষণিক খেদ দেখা দিল না যদিও পশ্চিমদেশে ধান ভালো হল , ভালো হল পাট , পুবদেশে পাট ভালো হল , আখ নিয়ে গবেষণা হলো বহু , মরিয়ম হাওয়াঅফিসের কাছে আমরা কি কালকের পরশুর বৃষ্টিবাতাসের কথা জানতে চাইছি , আমরা কি উদ্ভিদের জীবনমরণজন্ম মৃত্যু আর বেড়ে ওঠা নুয়ে পড়া জানতে চাইছি , আমরা কি লিখছি না কিছুই , বেশ্যাদের ফেলে দেওয়া চিঠিগুলি লিখছি না আবার
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৬ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




