প্রেমিকাকে লেখা শেষ চিঠি
এখন সাদা দুপুরের দিকে তাকিয়ে দ্যাখো তুমি জানলার ফাঁক গলে সেও চলে আসতে চাইছে তোমার ঘরের ভিতরে আবছায়া অন্ধকারে জেগে থাকছে ফ্যানের শব্দে মিশে থাকা সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে ঘন হয়ে পাক খেয়ে উঠে যাচ্ছে সিলিং-এর কাছে জমা ধুলো ও মাকড়সার জাল জুড়ে থেমে থাকছে বিয়েবাড়ির সুস্বাদু খাবারের স্মৃতি নিয়ে হাহাকার করতে গিয়েও থমকে যাচ্ছে তোমার মাথা তখন কিছুই বুঝছে না বলা নিতান্তই ভূল ভেবে ধরে নিচ্ছ সব সূত্র বোঝা গ্যাছে জট খুলে গিয়ে আপাতত প্রাঞ্জল হয়েছে ভেবে যে মুহূর্তে তর্জনী তুলে ধরছো নরম মগজে তুমি শুনতেও পাচ্ছো না ফিস্ ফিস্ শব্দ করে দু-একজন ঠোঁট চাটছে তোমার মাংস খাবে বলে তারা আজ ভারী তৃপ্ত হয়েছে তোমাকে লুকিয়ে তারা রঙ মাখছে মুখে অন্য উচ্চারণ নিয়ে তারা জিভ জুড়ে রেখে দিচ্ছে রক্ত ও মাংসের লোভ তোমার চোখেও পড়ছেনা এইসব ছেনালীপনা ক্রমশঃ গ্রাস করছে তোমাকে সঙ্গে নিয়ে যাবে বলে ডেকে নিচ্ছে পরিচিত স্বরে তুমি সব কিছু ভুলে গিয়ে হেঁটে যাচ্ছ পায়ে পায়ে তোমার বিস্তীর্ণ গোলাপ ফুল কাঁটা হচ্ছে ভয়ে সিঁটিয়ে যাচ্ছে নড়বড়ে সাঁকো নাড়াতে পাগলকে বারণ করেছ বলে আজ দিগন্তেকেউ নেই দেখে তুমি একা হচ্ছ নিজে নিজেই ভেবে যাচ্ছ একা নও এইসব দুপুরবেলায় বন্ধু ভেবে হাত রাখছো নতুন চাদরে এক পুরাতন দাগ দেখে যখনই ভাবছো তুমি এ সময় চেনা নয় অন্য কোনো পৃথিবীর টান তোমার মেরুদন্ডে ঢুকে গেলে চম্কে উঠছ তুমি আশে পাশে ঢেকে রাখা মাংসের স্রোত দেখে চিনে নিচ্ছ নিজের ছবিতে দেখা রক্তের দাগ রঙের প্রলেপ ভেবে খুশী হচ্ছ ভোরবেলা ত্বকের যত্ন নিয়েছিলে ব'লে অংশত বধির তুমি শুনতেও পাচ্ছো না ক্রমে জিভের শব্দে ডুবে যাচ্ছ মাংসল বিকেলে তোমার একাকীত্ব ধীরে ধীরে ঘন হয়ে পেরিয়ে যাচ্ছে শেষ সীমা ছাড়িয়ে অনেক দূরে তুমি বুঝতে চাইছ এই লাল রং লোভের গন্ডী মেনে ঢোঁক গিলবে তোমার শরীরে তখন মৃদু শব্দ মুছে নেবে দুপুরের সাদা রঙে বিকেল ঘনিয়ে এলে দুপাশে পালক রেখে মৌনতা ছুঁয়ে থাকবে ধবল বালিশে একা দাগ পড়লে তুমি ভেবে নেবে রাত হচ্ছে গোপনে বদলে যাচ্ছে লোভ তার অন্য কোনো রঙে আকাশ চিনছে ক্রমে মেঘ হলে তুমিও শিকারী হয়ে খুঁজে নেবে আঘাতের উপযুক্ত স্থান থেকে শুধুই পুরনো দাগে ক্ষতচিহ্ন রয়ে যাবে রক্তের স্বাদে তারা তোমাকে বদলে দেবে ভোর হলে কপালে আলোর রেখা সীমানা পেরিয়ে গিয়ে তোমারই সামনে বসে খুঁজে নেবে শেষচিহ্ন তোমাকে প্রশ্ন করে শান দেবে জিভে ।
(2003)
----------------
(নতুন কবিতা 2003)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



