এই প্রথম কোনও নারী এভারেস্ট চূড়ায় উঠেছেন এমন নয়। এমনও নয় যে, তার চেয়ে কম বয়সী আর কোনও তরুণী এভারেস্ট মাড়াননি আগে। তাহলে খবরের শিরোনাম হলেন কেন রাহা মোহাররক? কারণ তিনি এমন এক দেশের নারী, যেখানে নারীদের কাছে বাইরে একা বের হওয়া, পর্দা ছাড়া বের হওয়া এখনও স্বপ্নের মতো মনে হয়। এমন রক্ষণশীল সমাজের নারী আবার এভারেস্ট জয় করবে? এমন বিস্ময়কে বাস্তব করলেন ২৫ বছর বয়সী সৌদি তরুণী রাহা মোহাররক। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পা ফেলে ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়। খবর বিবিসির।
খবরের শিরোনামে কিন্তু এক কাতারি কিংবা ফিলিস্তিনির নামও উঠতে পারত। কারণ, যে ৪ সদস্যের দলে রাহা মোহাররক এভারেস্ট অভিযাত্রায় ছিলেন তার মধ্যে একজন ছিলেন কাতারের। তার আগে কোনও কাতারি এভারেস্ট জয় করতে পারেননি। দলে ছিলেন এক ফিলিস্তিনি। কাতারির মতোই এই প্রথম কোনও ফিলিস্তিনি পা রাখলেন এভারেস্টে। তবে মোহাররকের অর্জনটা আরেকটু বেশি- শুধু প্রথম আরবীয় হিসেবেই নয়, আরবীয়দের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে এভারেস্ট জয় করলেন এই সৌদি তরুণী। এভারেস্টের চূড়ায় আরোহনের জন্য তার পরিবারের কাছ থেকে অনুমতি নেন আগেই। রক্ষণশীল হলেও এ ব্যাপারে তার পরিবার তার দিকে ভালো মতোই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মোহাররকের পর্বতে আরোহনের সঙ্গীরা বলেন, তাকে এখানে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তার প্রতি পরিবারের সমর্থন এখন আরও বেড়ে গেছে সে জানায়। সদ্য এভারেস্টজয়ী এ আরব বিস্ময়কন্যা দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার অনুভূতি জানাতে গিয়ে মোহাররক বলেন, ‘আমি প্রথম হয়েছি এটা আমার কাছে কোনও মানে তৈরি করবে না, যদি আরেকজন দ্বিতীয় হওয়ার দৌড়ে না ছোটে।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


