শীতের কুয়াশাঘেরা সবুজ বনময় চন্দ্রায়
এলেম আশাতে ভরে - অনেক গ্লানিগুলো তন্দ্রায়
কাটিয়ে দেব সবে এক দল পায়রার মতন
পাখা দুটো মেলে দিয়ে উড়ে যাবো আকাশে যখন
ঠিকানা হারানো এক মুক্তির অনাবিল আবেশে
খোপের চিহ্নগুলো মুছে দিয়ে যাবে নিঃশেষে।
মন সে তো বাষ্প নয় -- আধারের দেহ নেবে ধার,
আকাশে ছুঁড়ে দেয়া ঘুড়ির সূতোতে বার বার
টান পড়ে, ছিঁড়ে যায় ভাবনার দুর্বল বুনন,
ফেলে আসা প্রকোষ্ঠের কোন এক মৃদু গুঞ্জরণ
দলের সমস্ত গান মুহূর্তে ছাপিয়ে ভেসে ওঠে,
কি কথা ফুটেছে জানি পরিচিত ক্ষীণ দুটি ঠোঁটেঃ
আমাকে ভুলো না তুমি, হারিয়ে যায় সে জনতায়
শাড়ির সবুজখানি গাছের সবুজে মিশে যায়।
কথা গান মুখরিত উচ্ছল প্রান্তরে ফিরে আসি
ভাগ বসাবার লোভে, উড়ে যায় প্রজাপতি হাসি
ঠোঁট থেকে ঠোঁটে , শুধু এই খানে নয় কোনো ফাঁকে,
একটি অস্বচ্ছ মেয়ে কাচের দেয়াল হয়ে থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




