মাত্র একদিন আগেই লিখেছিলাম মাকালির রোগ সারানোর গল্প। যেখানে কার্য হাসিলের জন্য যেনতেন প্রতিশ্রুতি প্রদান এবং কাজ শেষ হলেই সেগুলো বেমালুম ভুলে যাওয়ার কাহিনী বলা হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতাসীনদের জন্য এটা যে কতবড় নির্জলা সত্য তা আরো একবার প্রমাণ হতে মাত্র একদিন সময় লেগেছে।
আজ সকালে জাতীয় সম্পদ রক্ষার জন্য পেট্রোবাংলা ঘেরাও আন্দোলনকে সরকারের লাঠিয়াল পুলিশ বাহিনী যেভাবে প্রতিরোধ করেছে তার পর এই সরকারকে কোনভাবেই আর সভ্য বলা চলে না। অতীতের সকল সরকারের মত আওয়ালীগের নেতৃত্বাধীন এই মহাজোট সরকারও নির্বাচিত স্বৈারাচার। ব্লগারদের বদান্যতায় আন্দোলন দমনের যে ছবি দেখা গেছে তাতে এরশাদ সামরিক স্বৈরাচারের কথা মনে পড়ে যায়। যেখানে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের শেয়াল কুকুরের মত রাজপথে নির্যাতন করা হয়েছে আর গুলি করে হত্যা করা হয়েছে। খালেদা জিয়ার সরকারের আমলেও এধরনের সরকারী ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে দেশবাসী। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তার মিত্ররাও সেসময় রাজপথ প্রকম্পিত করেছে মত প্রকাশের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য।
সরকার নির্বাচন পূর্ব যে প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছিল সেখাসেনও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক সহনশীলতা এবং মত প্রকাশের স্বাধীনতার কথা ছিল। কিন্তু, সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই সে ওয়াদা সম্পূর্ণ ভুলে যাবে এটা মেনে নেওয়া যায় না। যে সরকারে আবার মেনন, ইনুদের মত ‘বিপ্লবী’রা রয়েছেন। কিছুদিন পূর্বে একটি দেশের দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় আমাদের দেশের ‘যোগ্য’ পুলিশ বাহিনীর এ ধরনের ন্যাক্কারজনক আচরণ আমরা দেখতে পেয়েছিলাম।
আমরা এই অসভ্য ও বর্বর আচরণের তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করি। একই সাথে প্রবীণ সাংবাদিক, লেখক, রাজনীতিক নির্মল সেনের একটি উক্তি স্মরণ করতে চাই পুলিশ ভাইদের জন্য। যেটি তিনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ পুলিশকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘পুলিশ তুমি যতই মারো, মোতার বেতন চার শ’ বার’। পুলিশের এই চার শ’ বার’ অবস্থান হয়ত কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু, সার্বিক অবস্থা ও অবস্থানের কোন পরিবর্তন হয়নি। যে সাম্রাজ্যবাদকে রক্ষা করার জন্য তারা লাঠিয়াল হচ্ছে সেই সাম্রাজ্যবাদই তাদেরকে শোষণ করছে। আর তাদেরই ভাই বা সন্তানরা রাজপথে আন্দোলনে নামলে সরকারের নির্দেশে তাদেরকেই পেটাচ্ছে। নির্মম এই দুর্বিপাক থেকে পুলিশকেও বেরিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




