মৃন্ময়, তুমি যশোরের সংস্কৃতি অন্তঃপ্রাণ এক টগবগে যুবক। দায়িত্ব পালন করছো জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন বিবর্তন যশোর’র সহসাধারণ সম্পাদক হিসেবে। ১৩ মার্চ তুমি যখন খাবার খাচ্ছিলে তখন তোমার প্রিয় মুখটি আর যেন হা হচ্ছিল না। এক পর্যায়ে ব্যথায় তোমার মুখটি বেঁকে আসে। তোমার কি মনে পড়ে এই মুখ দিয়ে প্রায় ২০ বছর তুমি সংলাপের পর সংলাপ বলে, আবৃত্তি করে মঞ্চ কাপিয়েছ। কৈবর্ত গাঁথা, রাজা প্রতাপাদিত্য, সিসিপাস, পাইচো চোরের কেচ্ছা-আরো কত নাটকে তোমার অভিনয় পারদর্শিতা মুগ্ধ করেছে দর্শকদের। তুমি কি ভুলে গেছ পহেলা বৈশাখ থেকে শুরু করে নানা আয়োজনে তোমার আবৃত্তি না হলে অনুষ্ঠানের পূর্ণতা আসত না। তুমি হয়তো ‘মড়া, মেঘবতী, পুরষ্কার’-ইত্যাদি নাটকের কথা আর ভাবছো না, যেসব নাটক তোমার নির্দেশনায় এক সময় মঞ্চ কাঁপিয়েছে। তুমি ভাববে কি করে, তোমার ভাবনার সমস্তটা জুড়েই এখন কেবল টিউমার আর টিউমার, ২ সেন্টিমিটার আকৃতিতে যেটি তোমার মাথায় তোমারই অজ্ঞাতে বাসা বেঁধেছে।
টিউমার হয়ত জানে না আমাদের অগণিত প্রাণের ভালবাসা আর আকুতির কাছে যমদূত পর্যন্ত ফিরে যেতে বাধ্য-সামান্য টিউমার তো নস্যি! আমরা জানি সিটিস্ক্যান আর এমআরআই করে ডাক্তার বলেছেন, তোমার রোগটি নিরাময়যোগ্য। দুটি উপায়ে এটি করা যাবে। এক রেডিও সার্জারি অন্যটি মাথাটি উন্মুক্ত করে। এও জানি এর জন্য প্রচুর টাকার দরকার, প্রাথমিকভাবে যার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ এবং এ জন্য তোমাকে যেতে হবে ভারতে। আমাদের জানার বাইরে নয় যে, শিল্প ও সংস্কৃতিকে ভালবাসতে যেয়ে তুমি যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছো তাতে এত টাকা জোগাড় করা তোমার কিংবা পরিবারের পক্ষে সম্ভব নয়।
তাহলে কি মৃন্ময় আমরা অসহায় বসে থাকবো! তা কি থাকা যায়! ১৯৯৮ সালের ৬ মার্চ যশোর টাউন হর ময়দানে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে যখন কাপুরুষোচিত বোমা হামলা চালানো হয়, আমরা জানি জীবনাশঙ্কায় সেদিন অনেক বাঘা বাঘা মানুষ মাঠমুখো হয়নি। কিন্তু, জীবনের সমস্ত মায়া ত্যাগ করে সহকর্মীদের নিয়ে তুমি ঝাঁপিয়ে পড়েছিলে বোমাক্রান্ত মুমূর্ষু নারী-পুরুষকে উদ্ধারে। একি শুধু দূর্দান্ত যৌবনের আবেগ? না। সমাজের প্রতি, মানুষের প্রতি তোমার রয়েছে ব্যাকুলতা, দায়বদ্ধতা। তইতো ছুটে গিয়েছো বন্যা, সিডর, আয়লা আক্রান্ত মানুষের পাশে। তপ্ত রোদে চাদর আর শাড়ি পেতে রাস্তায় রাস্তায় ভিখ মেঙেছো দুর্গত মানুষের সাহয্যার্থে।
মা, মাটি আর মানুষের জন্য যার এত ব্যাকুলতা তার বন্ধুরা চুপ করে বসে থাকবে-ভেব না। তোমার বন্ধুরা সভা করেছে। চিকিৎসা সহায়তায় যশোর ও ঢাকায় চ্যারিটি শো করবে।
জানি বেশিদিন অপেক্ষা করা যাবে না। তুমি ভেব না। মানুষের জন্য এতকাল নিজেকে সপে দিয়েছো-তারা বিমুখ করবে না। তোমাকে অকালে হারিয়ে যেতে দেব না। মৃন্ময় তুমি ছিলে, আছো, থাকবে। আমাদের অযুত প্রাণের ভালবাসা তোমাকে ফের সংস্কৃতির ময়দানে ফিরিয়ে আনবেই!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


