১। সেইতো একই পথ
তুমি কেমন করে যাবে
তোমার আমার পথ
সেইতো একই রবে।
তুমি ডানে দেখবে আমার ছায়া
বায়ে দেখবে আমার মায়া
রোদের পিঠে সওয়ার হলে
উছলে পড়বে আলোক হায়া।
ভিতর বাড়ি
বাহির বাড়ি
টানটান এক
আজব দঁড়ি
ছিড়তে কভু পারবে না
পথই তোমায় পা আঁকড়াবে
পথিক বলবে যেতে মানা।
তুমি কেমন করে যাবে
তোমার আমার পথ
সেইতো অনুভবে।
২। চলে যাচ্ছো যাও
মনে করো এ দেখাই শেষ দেখা
এরপর আর কোন দেখা নেই
অস্থিরতা নেই উষ্ণ আলিঙ্গন নেই
হারানোরও ভয় নেই।
তুমি চলে যাচ্ছো ভোরের আলোয়
তোমার পথে পথে শিশির জমে আছে
যেন ঘাসের বুকে নিস্তব্ধ রাতের কান্না
অভ্রবিন্দু হয়ে চিকচিক করছে
তুমি চলে যাচ্ছো যাও
ওরা তোমার কর্দমাক্ত পদযুগল
ধুয়ে মুছে সাফ সুতরা করে দিবে।
অনেক ধকল সয়ে এ পথে এসেছিলে
এখন ফিরে যাও
যেমন করে যাচ্ছো
ফেরার কালে ভুলেও মনে করো না
এই অভ্রবিন্দু কোন এক
নিষিদ্ধ প্রেমিকের নিশিরাতের অশ্রুবিন্দু
মনে করো এ শুধু মরুভূমির মরীচিকা
তুমি শুধু পথ ভুলে এখানে এসেছিলে।
এখন দিশেহারা না হয়ে যাও
একদম সেই আদিগন্ত সরল পথে
আপাদমস্তক সজ্জিত সম্রাজ্ঞীর বেশে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





