১। এখন আমার গাঁয়ে
এখন আমার গাঁয়ে নরম মাটি
শটি বনে উইপোকার বাস
দূর দিগন্তের বক্রপথ
ঝরাপাতার বুকে
বেদনার রথ।
এখন আমার গাঁয়ে রোদজ্বলা দুপুর
সারি সারি ধূলো-বালি পাহাড়
চলিষ্ণু ঝড় ঝঞ্ঝাট
গাঢ় বিষণ্ণতা
ক্লান্ত অনঢ়।
এখন আমার গাঁয়ে শতাব্দীর হাওয়া
প্রতিধ্বনিত বিস্মৃত সপ্তসুর
কাজের মানুষ কাজহীন
সাঁঝের মানুষ
রাত্রি দিন।
২। বুকের শঙ্খে
বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয় সে কে
সে কেন আমায় টেনে নেয় দরদী ঢেউয়ে
সে কেন আমায় কাদায় কেন হাসায়
কেন ডুবায় কেন ভাসায়
উচ্ছলিত হাওয়ায়।
সে কে দরোজার কড়া নাড়ায়
বারেবারে চোখ ঠেরে ডাকে
শেকড়ে বাকড়ে টান মারে
জড়ায় শিখরে লতায় পাতায়
নিয়ে যায় ধ্রুপদী জ্যোৎস্নায়।
বুকের শঙ্খে যে উলুধ্বনি দেয়
সে কোন জলাভূমের ডাহুক হায়!
ছবিঃ নিজস্ব এ্যালবাম (আলীকদম উপজেলা, বান্দরবান)।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




