
এটি একটি কার্ড। কার্ডটি মালয়েশিয়াতে খুবই জনপ্রিয়। কার্ডের নাম touch n go.
মালয়েশিয়ার প্রতিটি প্রাপ্ত বয়স্ক লোকের একটি touch n go কার্ড অবশ্যই থাকবে।
কি কাজে লাগেঃ
টাচ এন গো কার্ড অনেক কাজে ব্যবহার করা যায়।
১। গাড়ী পার্কিংঃ

গাড়ী পার্ক করলে তার বাবদ মূল্য পরিশোধ করতে হবে। এটা করার জন্য এই কার্ড খুবই উপযোগী। গাড়ী নিয়ে পার্কিং এর ভেতর প্রবেশ করার সময় নির্দিষ্ট যন্ত্রে কার্ডটি স্পর্শ করলেই পার্কিংএর প্রবেশ পথ খুলে যাবে। পরে আবার আবার গাড়ী বের করে নেবার সময় একই ভাবে যন্ত্রে স্পর্শ করলে আবার বের হবার পথ খুলে যা্বে। সাথে যন্ত্রটি আপনার পার্কিং বাবদ খরচ কেটে রাখবে। চাইলে আপনি রশিদ প্রিন্ট করে নিতে পারবেন।
২। হাইওয়েতে টোল পরিশোধঃ

মালয়েশিয়াতে বড় বড় হাইওয়েতে গাড়ী নিয়ে বের হলে আপনাকে অবশ্যই টোল পরিশোধ করতে হবে। আমি অমুক এলাকার অমুন পার্টির সহসম্পাদক এই জাতীয় পরিচয় দিয়ে টোল মাফ পাবার কোন সুযোগ নেই। এখানকার টোলপ্লাজাগুলো অনেক সুন্দর আর ডিজিটাল। আপনি নির্দিষ্ট যন্ত্রে touch n go কার্ড স্পর্শ করা মাত্র আপনার টোলের টাকা কেটে নেবে।আপনার যদি স্মার্ট ট্যাগ নামক যন্ত্র থাকে তাহলে আপনি আপনার touch n go কার্ডটি যন্ত্রে স্পর্শ না করেও চলে যেতে পারবেন। স্মার্ট ট্যাগ touch n go থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেবে।
এই দেশে অনেক টোল দিতে হয়। এক শহর থেকে আরেক শহরে যদি হাইওয়ে ব্যবহার করে যান তাহলে অনেক টাকা টোল দিতে হয়। যেমন আপনি যদি কুয়ালালামপুর থেকে পেনাং যান তাহলে পেনাং এর প্রবেশ পথের টোল প্লাজায় প্রায় ৪৩ রিঙ্গিত বা (৪৩x২১.৫০= ৯২৪.৫০ টাকা) টোল দিতে হবে। এছাড়া শহরের বিভিন্ন স্থানের টোল তো আছেই।
আর একটি কথা। টোল ফাকি দেবার কোন কায়দা নাই। টোল প্লাজা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। সেখানে দুই এক জন ব্যক্তি সব সময় থাকে। তার কাজ মূলত: কারো touch n go এর ক্রেডিট শেষ হয়ে গেলে রিফিল করে দেয়া।
৩। পরিবহনের ভাড়া পরিশোধঃ
মালয়েশিয়ার গণ পরিবহনের মধ্যে বাস (যেটা কুয়ালালামপুরে Rapdid KL নামে পরিচালিত হয়), এলআরটি, মনোরেল ইত্যাদির ভাড়া পরিশোধের জন্য touch n go কার্ড ব্যবহার করা যেতে পারে।
যে কোন পেট্রোল পাম্প স্টেশন, ওয়াটসন, সেভেন ইলেভেন, kk 7 ইত্যাদি দোকানে touch n go কার্ড রিফিল করা যায়। এর মধ্যে ওয়াটসনে রিফিল করলে তারা কোন সার্ভিস চার্জ রাখে না। বাকিরা সার্ভিস চার্জ রাখে।
কোন টোল প্লাজায় যদি আপনার কার্ড এর ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে আলাদা লাইন দিয়ে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে তারা রিফিল করে দেবে।
মাঝে মাঝে ভাবি, এই রকম একটি কার্ড কি আমাদের দেশে চালু করা যেতে পারে না?
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



