ভোরের আকাশের আড় মোড়া দিয়ে ঘুম ভাঙ্গা দেখলাম ... চোখ ডলতে ডলতে সূর্য তার বিছানা ছাড়ে ... চাঁদ সারারাতের প্রেম সংলাপ শেষে বিদায় জানায় রাতের অনন্ত নক্ষত্র কে ... হটাত একটা কাক উড়ে যায় ... হয়ত আবর্জনার সাথে ভাব করতে ...সময় আর এক পা এগুলেই কুয়াশা বিদায় নিবে ... হারিয়ে যাবে ঝির ঝির বাতাসে .....ঘাসে জমা শিশির বিন্দু বাষ্প হয়ে মুক্তি পাবার অপেক্ষায় ... ওইদিক এ ক্লান্ত সোডিয়াম লাইট গুলোর অপেক্ষার প্রহর শেষ হয় ... বাউন্ডুলে কোনও প্রেমিকের সিগারেট দীর্ঘশ্বাস ছাড়ে ... রাতভর তাকে পাহারা দিয়ে এখন ছাই হয়ে ঝরে পরবে সে ... দূরের ওই কৃষ্ণ চুড়া গাছ টা নিজেকে সাজাতে ব্যস্ত... আমি শুধু দেখি ... দেখতে আমার ভালো লাগে...
গুটি গুটি পায়ে সময়ের হাত ধরে দুপুর কে আসতে দেখি । মেঘ - সূর্যের লুকোচুরি খেলা চলতেই থাকে । মাঝে মধ্যে কোন এক অভিমানি মেঘ খেলা ছেড়ে দূর দেশে পাড়ি জমায় । সুবিশাল আকাশ কে তার বডড পর মনে হয় ।রিকশার চাকার সাথে সাথে ঘুরতে থাকে নিম্ন বিত্তদের ভাগ্য । ঘুরতেই থাকে -বদলায় না কোনদিন । ছন্ন ছাড়া যুবক পিচ ঢালা রাস্তায় তার হারানো কবিতার শব্দ গুলো খুজতে থাকে ।কাগজ টোকানো ছোট্ট বাচ্চা টাকে আপন করে নেয় পথের ধুলা বালি । চার দেয়ালের অবশ স্বর্গে বসে কোনও এক বিত্তবান বৃদ্ধ পাওয়া- না পাওয়ার অঙ্ক নিয়ে বসে, প্রতিবারের মতো এবার ও হিসাব মিলে না । ভিজে কাঠে জমা শ্যাওলার মতো তার মন স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে । মিথ্যের রঙ তুলি দিয়ে সুখের ছবি আঁকে কেউ কেউ । ছায়া গড়ায় ... স্বপ্ন ছড়ায় ... অলস দুপুর ... কড়া নাড়ায় । আমি শুধু দেখি ... আমার দেখতে ভালো লাগে ।
অতঃপর এখানে সন্ধ্যা নামে ... বৃষ্টি ভেজা অগোছালো বাতাস মেখে পাখিরা উড়ে যায় নীড়ে ... অবহেলিত ভাবে পড়ে থাকে তাদের পালক । ছোপ ছোপ লাল রঙ আকাশের কপালে সিঁদুর আকে ... নিঃসঙ্গ সোডিয়াম লাইট আর ক্লান্ত পথের প্রেম শুরু হয় ... জানালায় তবু ২টা শালিক দেখি ... হয়ত নিঃশব্দে আরও কিছুটা ভালোবাসার খোঁজে ... পাশাপাশি তাদের বসে থাকা ।
আমি চাই না আজকে রাত টা নামুক , সত্যিই চাই না । থাকুক না ওই কলঙ্ক মাখা চাঁদ টা ওর বুড়ির সাথে । কি হবে যদি চন্দ্রাহত কোনও যুবকের এল্কহলিক মন চাঁদের আলোয় না ভিজে ? বোহেমিয়ান হয়ে পাখি গুলা ঘুরে বেরাক সিঁদুর লাল ওই আকাশে । চুপ চাপ ঝরে পরতে থাকা গাছের বাদামি পাতা গুলো ঠিকানা পাক । আমি চাই না রাতের ঘুম ভাঙ্গুক । আমি চাই না রাত তার সম্মোহনী চোখ ২ টা খুলে মোহবিস্ট করুক সপ্নবাজ মানুষ গুলো কে । কি ই বা হবে । অন্ধকার পার্কের ওই দেবদারু গাছের ছায়ায় দাঁড়ানো নিশি কন্যা টি একটা বার সত্যিকারের ভালবাসায় সিক্ত হোক। রিকশায় বসা প্রেমিক টি আরও কিছুক্ষন ভালোবাসা খুঁজে ফিরুক তার প্রেমিকার ঠোঁটের তিলে ।
তবু রাত নামে । অন্ধকার কে তাচ্ছিল্লের হাসি দিয়ে চাঁদ সাদা রঙে মাখায় প্রকৃতি কে । জোনাকি পোকা গুলো ফিস ফিস করে কথা বলে ঝোপ ঝাড়ের সাথে ।সময়ের ক্রীতদাস ওইমধ্য বিত্তের বুক চিরে বের হয় আরেকটি দীর্ঘশ্বাস । রাত নামে । ফুটপাথে শুয়ে থাকা মানুষের বিষাদের চোখে স্বপ্নের প্রতিবিম্ব আঁকে । আবার ও সিগারেটের ধোঁওয়া কে সঙ্গি করে রাত সাজায় বাউন্ডুলে প্রেমিক ।কাল দেখা হবার কথা দিয়ে বিদায় নেয় শালিক দুটি ।। আমি শুধু দেখি। আমার দেখতে ভালো লাগে ...
হাজার বছরের পুরানো রাত । ঝিঁঝিঁ পোকাদের উল্লাসের রাত।ক্লান্ত গাছের নিশ্চুপ রাত । চোখে প্রশ্ন বোধক নিয়ে বেঁচে থাকা কোনও এক মেয়ের রাত।হেলুসিনেসনে ভোগা কোনও ছেলের খামখেয়ালির রাত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



