অনুর্বর পতিত যে ভূমি সেখানেও-
গভীরতম ভালবাসা সেচে-
আবাদ করতে পার
প্রিয়তম শস্য বা ফুল ।
হৃদয়ের তিল তিল রং ঢেলে-
রাঙিয়ে তুলতে পার
আরক্ত হৃদয়ের চেয়ে লাল মদির মুকুল,
সাজিয়ে তুলতে পার-
অণির্বচনীয় ধ্রুপদী বাগান।
হয়তো মুখর বাগানজুড়ে-
একক স্বপ্ন ও ভালবাসা
সহস্র প্লাবন হয়ে দুলবে বাতাসে।
হয়তো বহুদূর পার হয়ে
আকুল ভ্রমর জুটে যাবে।
হয়তো মৌমাছি, প্রজাপতি-
মুগ্ধ প্রেমিকজুটি, পর্যটক,
এমনকি তুখোড় বণিক
যে যার প্রাপ্য খুজে নেবে ।
অজ্ঞাত অপরিমেয় ক্ষমতার
উন্মোচিত নতুন আকাশ -
অভূতপূর্ব স্বপ্নের এমন প্রকাশ-
অনন্ত বিষ্ময়ে উদ্বেলিত করবে - জানি ।
তবু, তুমি জেনে রেখ-
ভ্রমরের কোন গান,
দখিনায় ভাসা ঘ্রান,
বাগানের কোন ফুল
তোমার হবে না ।
*********
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৩ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



