
আগলে রেখো বুকের খাঁচায়
ফুল্ল সকাল- সতেজ বাতাস,
আগলে রেখ প্রভাতফেরির
ফুলের গুচ্ছে রঙীন পলাশ ।
আগলে রেখ সোনার বাংলা
যদিও এখন বৈশ্বিক গ্রাম ,
আগলে রেখ বজ্রকন্ঠ
দিতে হলে দিও আরও কিছু দাম ।
আগলে রেখ তিরিশ লক্ষ,
অসীম সাহস, বিজয় মন্ত্র ।
এই সময়েও পথ দেখাবে
হয়তো কোন ব্যর্থ তন্ত্র ।
আগলে রেখ লালন- হাসন-
বাউল এবং ভাটিয়ালী ,
প্যাশনের ভীরে ডাঁসা পেয়ারাটি
ডালে ডালে থাক কাঠবেড়ালি ।
আগলে রেখ জ্যোৎস্না বিলে
আলো হয়ে ফোটা শাপলা সফেদ ।
লতায় পাতায় ছায়াঢাকা গ্রাম
মায়া দিয়ে রেখ সরিয়ে বিভেদ।
আকাশজুড়ে উড়ুক ঘুড়ি
আগলে রেখ লাটাই হাতে
অসীমের পথে যতদূরে যাও
মায়াভরা ঘর রেখে দিও বুকে ।
আগলে রেখ রমনার বট
সূর্যোদয়ের মহান মিলন -
মূল্যবোধের শানিত ঝলক
আঁধারে আনুক আলোর কিরণ ।
বাতাস যখন বৈরি তুমুল
আত্মঘাতি হচ্ছে গ্রেনেড
হাতটি বাড়াও- হাতে হাত রাখো
অন্ধকারের গড় বেরিকেড ।
আগলে রাখো -'মানুষ সত্য
তাহার উপরে নাই-'
লড়তে হলে লড়ে যাও আরও
জয়ী যেন হয় ভালবাসাটাই ।
==================
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



