
এই লও কলম দিলাম ভালোবাসা
যতটুকু পারো, যতবার পারো
লিখে ফেলো কবিতা,
বাংলা বর্ণমালায়
বোধের দেয়ালে চেতনার ধ্বজা ধরে
লিখে ফেলো—লিখে ফেলো স্বাধীনতার ইতিহাস
কিভাবে এলো লাল সবুজ পতাকা
গণিতের মারপ্যাচে হিসেব কষে কষে
গুণে দেখো কত তাজা প্রাণ
কতো রক্ত হয়েছিলো প্রবাহমান
পদ্মা মেঘনা যমুনার ঢেউয়ে
রক্তের আল্পনা আঁকা।
নদীর পার ভেঙে অগণিত শহীদের রক্ত
পরে মিশে গেছে তারপর ভেসে গেছে
অথৈ সাগরের বুকে।
তোমরা কি পড়নি বীরত্বগাথা ?
ইতিহাসের পাতা ঘেটে
বলিতেছি স্বাধীনতার কথা,
কেবলমাত্র থ্রিনটথ্রি দিয়ে বাংলার দামাল ছেলে
একের পর এক বিজয় ছিনিয়ে নিচ্ছে
হানাদার প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে...
ইতিহাসের পাতায় তা আছে লেখা
যুদ্ধ বিধ্বস্ত নিষ্ঠুর পৃথিবীর বুকে রক্তে লেখা
মহাকাব্য-অপরাজেয় বাংলা।
এই লও কলম— লিখে দাও
জননীর দু”চোখ বেয়ে বয়ে চলা
এক নদী অশ্রুজল।
বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল
যেন বীরঙ্গনার ক্ষতবিক্ষত দেহ
শকুনেরা খাবলে খেয়েছে শব।
এই লও কলম
লিখে ফেলো কত চড়া মূল্যে
সোপার্জিত স্বাধীনতা।
এই লও কলম—নির্ভয়ে লিখে ফেলো
অশুভ ছায়া কিভাবে ঘিরে ধরেছে আজও
কিভাবে ধর্ষিত হয়েছে নারী
কিভাবে গুম হয় লাশ হয়
মানুষ হয় ফেরারি।
কিভাবে আজও রগকাটা বালিকা
ছটফট করে ব্যথা ভরা মনে
কিভাবে আজও সন্তানহারা মায়ের আর্তনাদে
কেঁপে উঠে বঙ্গভূমি।
ভূমিহীন কৃষকের বেনাজলে আর্দ্র হয় জমি।
এই লও কলম,
তারপর লিখে ফেলো চরমপত্র এক
কে নিতে চায় কেড়ে মহান স্বাধীনতারে
কার এতো হিম্মত ?
কে দাসত্বের মালা পড়াতে চায় গলে
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
কে দিতেছে নিলামে তুলে
কে নিতেছে প্রবঞ্চনার আশ্রয়
ভেঙে দাও গুড়িয়ে দাও পাপিষ্ঠের কালো হাত
ভেঙে ফেলো বকধর্মিকের মিথ্যে অজুহাত।
এই লও কলম তারপর লিখে ফেলো
আরেকটি একাত্তর তারপর
স্বৈরাচারের পাঁজর ভেঙে ধরাও আগুন
স্বর্বংসহা পৃথিবী সহিবেনা আর
এই লও কলম,
তারপর লিখে ফেলো দ্রোহের অগ্নিবাণ
ভেঙে ফেলো অযাচিত কারাগার
ভেঙে ফেলো দাসত্বের শৃঙ্খল জাল
তারপর লিখেফেলো মুক্তির শ্লোগান।
এই লও কলম,
আর নহে দাসত্ব শৃঙ্খল।
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা
আর নহে ভেদাভেদ বাংলার জনতায়
শিক্ষা চাকুরী কিংবা ব্যবসায়
উঠবে না মেতে কেহ মিথ্যে লিপসায়।
এই লও কলম—তারপর লিখে ফেলো
স্বাধীনতার প্রখর সূর্য
পোড়ে দেবে জঞ্জাল সব
করো হে দৃপ্ত শপথ।
এই লও কলম লিখে ফেলো কবিতা
স্বাধীন বাংলাদেশে সবার অপার স্বাধীনতা।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



