
অযথা
এখনো তোমার জানার ঢের বাকি,
আমার কীর্তি বহতা নদীর মতো,
তুমি তা জান নাকি?
এ দেহের শিরায় ধমনীতে হৃদপিন্ডে
বহিছে বীরের রক্ত অগাধ বিশ্বাসে
তুমি প্রেরণা তাতে—দূরে সরে যেও না;
আলো ভেবে আলেয়ার পিছু আর ছুটো না।
এইখানে আছেগো কর্মযজ্ঞ—সফল জীবনের রঙ্গমঞ্চ
এইখানে আছেগো রাধা কৃষ্ণ অমর প্রেম—
এইখানে করে বাস মৃত্যুঞ্জয়ী এক—সে তোমার প্রেমে
অন্যথা কারাবাস আছে যেন শুধু শেইম ।
এইখানে আছে সুখ— এইখানে প্রগতি
অযাচিত পথে হোক তোমার যাত্রাবিরতি
অথবা ইতি।
এইখানে থেকে নাও— খাঁটি মধু চেখে নাও
এইখানে সব আছে— হৃদয়েরই খুব কাছে
রটনা দূর্ঘটনা মিথ্যে প্রবঞ্চনা কান পেতে শুনো না
আরে অযাচিত সব দূরে ছুড়ে ফেলে দাও ।
এইখানে সব আছে— বিশ্ব মানবতা
আলেয়ার পিছু আর ছুটো নাকো অযথা।
আর কোন বাঁধা নেই
যে পথে ধ্বংস অনিবার্য,
যে পথে পেছনে ফেরা নেই,
যে পথের সমুখে রয়েছে ফাঁসির কাষ্ঠ,
হে পথিক সেই পথে আমরা তোমার সাথে নেই।
জীবনের আছে দাম,
স্বাধীনতা মাথার মুকুট— মহা মূল্যবান।
আমরা বীরের জাতি, ইতিহাস তাই বলে
তাই বলে অন্ধের মতো আমরা গরল করি না পান।
মৃত্যুর পথ তুমি বেছে নিয়েছো
ধ্বংসের পথ তুমি বেছে নিয়েছো
ঐ পথে পেছনে ফেরা নেই—কোন দেশপ্রেমই নেই
তাই আমরা সেই পথে তোমার সাথে আর নেই
বিশ্বমানবতার তরে মঙ্গলদীপ জ্বেলে
আমাদের দু’জনার অবিরাম পথচলা জীবনের নিয়মেই
দু’জনার ভালোবাসাতে আর কোন বাঁধা নেই।
বেঁচে আছি বলে
বেঁচে আছি বলেই তুমি বেঁচে আছো আজও,
অগাধ বিশ্বাসে— প্রগাঢ় নিঃশ্বাসে।
ধরে নিতে পারো ওটাই ছিল শেষ অগ্নি পরীক্ষা
ভালোবাসার সতত প্রচেষ্টায়—
স্রষ্টারই অনুমোদন ইচ্ছা।
খুব বাঁচা বেঁচে গেছি ভালোবাসার তেষ্টায়,
অযথা সময় অপচয় নয় আর দূরে থাকার চেষ্টায়।
এমন নিখাদ প্রেম বলো ক’জনার ললাটে জুটে
ক’জনার মন বাগানে বলো প্রেম রক্ত গোলাপ হয়ে ফোঁটে।
ভ্রমরের গুঞ্জন পুষ্পের বক্ষে অযাচিত নয়তো
এভাবেই পরিণয় নিষ্ঠুর অবণীতে লেখা হয় হয়তো।
বর্ষা শেষেই কাশফুলের শুভ্রতায় শরতের আগমন;
সাদা মেঘের ভেলায় চড়ে তাই যেন সদা পুলকিত এই মন।
শোধিবো ঋণ
মৃত্যু প্রহরগুণে কী লাভ?
আমি শুধু গুণি বেঁচে থাকার দিন
প্রে ম যে থা অ ম লি ন।
এ দেহে এখনো আছে প্রাণ;
আছে প্রেম—পঁই পঁই প্রণয়ের
— উদাত্ত আহবান।
মৃত্যুকে বলেছিতো আজ নয়
অন্য কোনদিন—অন্য কোন ক্ষণে,
এখন প্রেমের অভিলাষ করেছে ভর
আমার অবলা মনে।
প্রিয়তমা, এসোগো কাছে
আমার কাছে ভালোবাসার কবিতা আছে
প্রত্যাশার রাতে অগণিত নক্ষত্রের মাঝে
প্রেরণা লুকিয়ে থাকে
এবার না হয় শোধিবো ঋণ;
ভালোবাসার বৃষ্টিতে ভিজে
বেদনারা হোক লীন ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


