আমি এক অতি সাধারণ— একেবারে সাদামাটা;
যদি বলি অপাঙক্তেয়! তবে কী তুমি খুব ব্যথিত হবে?
কায়দা করে এড়িয়ে বলে দেবে কখনো প্রেম হয়নি আমাদের
যেন সবে বুঝে যায় এসবি ভুলের বশে।
তুমি কী নিরাপত্তা বেষ্টনী গড়ে আমাকেই ঠেলে দেবে দূরে!!
তুমি কী খুবই বিব্রত হবে আমাতে?
নাকি তুমি বুঝে নেবে অপ্রগলভ প্রেম কেমন হয়!
তার কি রূপ-রস-ঘ্রাণ? কি তার মুজেজা?— এই বুকে
কী কান পেতে শুনে নেবে অনিবার্য কবিতা? যেভাবে
সান্ধ্যপ্রদীপে সুনিশ্চিত হয় বিমুগ্ধ পোকার মরণ সেভাবে।
তুমি কী এবার ছূঁয়ে দেবে চূড়ান্ত অধিকারে কাল উত্তীর্ণ এক প্রেম?
তুমি কী তবে বলেই দেবে কল্পনা নয় বাস্তব
তুমি আমি দু’জনে আর দুজনার প্রেম —অপার পরাভবে।
নাকী কড়ায় গন্ডায় বুঝে নেবে অপ্রগলভ প্রেম
দুষ্প্রাপ্য রত্ন যা— এই ক্ষণিকের চরাচরে
রত্ন খচিত হয়ে তুমি কী প্রীত হয়ে প্রাপ্য অধিকারে
আবারো কবিতা হবে? হবে কী অনন্ত প্রতীক্ষার অবসান
বাঁধার দেয়াল ভেঙে চুড়ে? তুমি কী পারবে ?
না কি পারবে না হায়! —ভালোবাসার অনুভবে
বিকেলের মৃত্যুটা যেন তোমাতেই হয় প্রতিদিন
খুব বেশি দেরি নয় যেভাবে প্রতিদিন মৃত্যু হয়
রবির— দিনশেষে গোধূলির আলোয় পৃথিবীর বুকে।
আমি তো বলেছি তুমিই পৃথিবী এই বুকে!
তুমি কী এবার . বলে দেবে সাক্ষাতে — আমিই অধিপতি
তোমার সৌরজগতে? তুমি যেন পরোনা আবার লজ্জাতে!!!
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





