যদি তোমার ভালোবাসা পেতাম,
ভরা কাটালের অতলে হারিয়ে যেতনা নাগরিক জনপদ।
যদি তোমার ভালোবাসা পেতাম,
বিস্তীর্ণ বালিভূমির
কালগ্রাসে
জলাঞ্জলি যেত নাকো পদ্মা।
যদি তোমার ভালোবাসা পেতাম,
স্রোতস্বিনী চিত্রার বুকেও জল তরঙ্গ দেখা যেত
যেন পূর্ণ যুবতীর পেখম মেলা পূর্ণিমা।
তোমার ভালোবাসা পেলে,
জুমের দহনে দগ্ধ
হতনা সবুজের কান্তার।
তোমার ভালোবাসা পেলে,
আমার চোখের তারায় চন্দ্রমা করত খেলা।
তোমার ভালোবাসা পেলে,
শুভ্র হিম চাদরে জড়ানো এ্যান্টার্টিকায়
বরফ গলতো না এতোটুকু।
যদি ভালোবাসা পেতাম,
পৃথিবীর সব ভালোবাসা এক করে
আরও এক তাজমহল গড়ে দিতাম অবলীলায়।
তবে কী মনে হয় জানো;
ভালোবাসা নয়,প্রত্যখ্যান কবিত্ব দিয়েছে আমায়।
সশ্রদ্ধ নমস্কার তোমার প্রত্যাখ্যানকে,
যা আমায় কবি হতে শিখিয়েছে হয়তো।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



