কিছু আদিত্য যুবা এই শহরের পথ ধরে হেঁটে যায় রোজ,
নীরবে বখে যেতে যেতে কোথা যায়,
কে জানে!
যেন তাবৎ জাহান পৌরোহিত্য করা কিছু সোনালি ডানা হারায়েছে দিশা ।
এই শহরের পথে পথে কিছু রিক্তহৃদয় চৈত্রের প্রতপ্ত গায়ে মেখে ঠায় দাঁড়িয়ে থাকে,
যেন তরণীর মতো কালের গহ্বর থেকে ভেসে আসা সুরে
নিস্পন্দ অতন্দ্র প্রহরী।
এই শহরের গলিপথে
কিছু স্বাপ্নিক ফেরিওয়ালা স্বপ্ন বিকায় দিবানিশি।
নিশীথের নিস্তব্ধতা গ্রাস করে গৃহ,
প্রভাতে থাকে শুধু একরাশ শূন্যতা।
আর এই আস্তর ক্ষয়ে যাওয়া শহরের রাজপথ খুঁজে খুঁজে একজন দিশাহারা পথিক,
কখন যে হয়ে গেলো ছন্নছাড়া;
সেই কবে কোনকাল থেকে আজও এই শহরটা কাঁদে শুধু সেই নাবিকের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



