একদিন আমি নাই হয়ে যাব।
নাই মানে একদম নাই হয়ে যাব।
নাই মানে বোঝো তো?
নাই মানে কিছু না থাকা।
সমুদ্রের শেষ সীমা দেখেছ?
কেমন হাহাকার করে ওঠে বুক;
নাই মানে হলো হাহাকার।
আবার যেমন ধর
সাহারা মরুভূমি,
আমি তপ্তের কথা বলছি না।
বলছি দিক বলে কিছু যায় নাকো দেখা,
কেমন শূন্যতা ভর করে বুকে;
নাই মানে হলো শূন্যতা।
অথবা মনে করো আকাশ,
আছে আছে মনে হলেও আসলে কিছুই নাই।
চোখ বন্ধ করো,হিমালয় দ্যাখো,
চূড়া থেকে দেখা যায় কিছু?
আমি মানুষ পাখি কিংবা গাছের কথা বলছি না।
দিগন্ত বলে দেখা যায় কিছু?
মনে হয় যেন আকাশের গায়ে লেগে আছে।
দিগন্ত মানে হলো নাই,
নাই মানে হলো দিগন্ত।
এবার বুঝেছো?
একদিন আমিও এমন নাই হয়ে যাব।
কিন্তু মনে হবে যেন আছে আছে;
আসলে কিছুই নাই।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



