এমন অনেক কবিতাই আমি ছিঁড়ে কুটিকুটি করেছি,
হাওয়ায় উড়িয়ে দিয়েছি
কখনো বাসে যেতে যেতে জানালার ফাঁক দিয়ে
কখনো দ্রুতগামী রেলের বগিতে বগিতে,
একবার নৌকায় ভাসতে ভাসতে বুড়িগঙ্গার কালো জলে,
খাদ্যাভাবে মাছেরা আমার কবিতা খেয়েছিল
আমি খুব করে হেসেছিলাম,মাঝিও;
মাছেরা কবিতা বোঝেনা বলে,
এমন অনেক কবিতাই আমি ছিঁড়ে কুটিকুটি করেছিলাম।
একবার বিমান থেকে একটা কবিতার কয়েক শত টুকরো
ফেলে দিয়েছিলাম বাংলাদেশের বুকে,
পঞ্চান্ন হাজার বর্গমাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল
সে কবিতার টুকরো টুকরো অংশ,
ভেবেছিলাম এক টুকরো হলেও তোমার হাতে পড়বে
তার একটি বর্ণও যদি তোমার দৃষ্টিগোচর হতো
তাহলে হয়তো আমি আর এমন ভবঘুরে হতাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





