বিকেলে আহমেদাবাদ ছেড়ে আমরা আবু রোডের ট্রেন ধরলাম । সারাদিন প্লাটফর্মে বসে , ঘুমিয়ে খুব ক্লান্ত সবাই । কি উত্তপ্ত দুপুর আহমেদাবাদে । সুরাট পার হতেই এক হিন্দি ভদ্রলোক আমাদের সামনে এসে বলল বাংলাদেশ মে কুচ গড়বড় হুয়া হ্যায় । আমরা বেশ আতঙ্কিত হলাম । আমাদের দশজনের ভিতরে ছড়িয়ে পড়লো এই আতঙ্ক । এবার আমিই লোকটির কাছে গেলাম এবং তাকে শুধোলাম কেয়া শুনা হ্যায় আপনে ? সে বুঝল আমরা টেনশনে পড়েছি । বলল মিলিটারিনে প্রেসিডেন্ট কো হটা কে কুরসি লে লিয়া । আমাদের কেউ একজন পেছন থেকে চেচিয়ে বলল ওনার কাছে কি রেডিও আছে নাকি জিগা । উনি বললেন ম্যায় কোশিশ করতা হু , মিল যায়েঙ্গে শায়েদ । খুব দুশ্চিন্তায় ভারাক্রান্ত আমরা দশজন । ছোট একটি রেডিও ম্যানেজ হল । আমরা অনেকেই জানি পৌনে আটটায় মানে ভারতের সোয়া সাতটায় বিবিসি বাংলা খবর হবে । লোকটি ধরিয়ে দিল বাংলা নিউজ । আমরা মুখ ঘুরিয়ে কান পেতে রেডিওর দিকে । জেনারেল এরশাদ আজকে প্রেসিডেন্ট সাত্তারের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা বুঝে নিয়েছেন -------- দেশে এখন সামরিক আইন জারি করা হল । রেডিও ফেরত গেল বিগ থ্যাংকসএর সাথে । লোকটি অসাধারন মেধাবী । সে বুঝেছে এরা বাঙ্গাল থেকে এসেছে । সম্ভবত সে সুরাটে বসে এই খবর পেয়েছে । আমরা চুপ হয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে । সন্দেহ রয়ে গেল কোন রক্তপাত হয়নিতো ? আমাদের একজন বলে উঠল আয় সবাই জাতীয় সঙ্গীত গাই । দুই তিনজন ধরলাম , বাকিরা মিন মিন থেকে গলা উচু করল । চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে , পুরো বগির মানুষেরা মাথা ঝুকিয়ে অন্ধকারে দেখছে কারা এরা ? বাইরে অদ্ভুত অন্ধকার আর গরম কেটে গিয়ে চমৎকার ঠাণ্ডা বাতাস বইছে । একসময় গান শেষ হল , বগি তবুও নিরব । একটি শিশু পাশের কুপ থেকে বললে উঠল ইন লোগ কেয়া গা রাহি হ্যাঁয় ? ওর মা বলল রাষ্ট্রীয় সঙ্গীত । কিউ ? কাল ইঙ্কো রাষ্ট্রকা জনমদিন হ্যায় ।
রাত ১১ টায় আবু রোড । ৩৯ বছর পেরিয়েছে কিন্তু আবু রোড গামি ট্রেনের জাতীয় সঙ্গীত এখনো উজ্জ্বল আমার মনে , প্রানে ।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




