* প্রথম অঙ্ক
** দ্বিতীয় অঙ্ক
-------------------------------- তৃতীয় অঙ্ক -----------------------------------
--------------------------------- দৃশ্য - ১ ------------------------------------
স্থান: কলেজ করিডোর
কাহিনীসূত্র: তারেক এবং মনসুর বিপরীত দিক থেকে হেঁটে আসবে। তারেক অপেক্ষাকৃত দ্রুতগতিতে।
মনসুর।।
কী করিস তোরা? খবরটা বুঝি পাস নি?
কাজল তো নাকি কোনও মতে বেঁচে রয়েছে!
গতকাল রাতে ঘরে ফেরবার রাস্তায়
ছিনতাইকারী মেরে ভূত করে গিয়েছে
টাকা-পয়সা তো তেমন ছিল না সঙ্গে
কিন্তু শুনেছি জখমটা বড় লেগেছে
(গলার স্বর নামিয়ে)
শাহীনের মুখে গতকালকেই শুনলাম
'ডাকাতি' নাকি সে যেকোনও উপায়ে করবে
এখন বুঝছি 'যে কোনও' সেই উপায়টা
সেটা বড় বেশি স্বাস্থ্যকর'ও ছিল না !
তারেক।।
চুপ কর শালা, জিব টেনে ছিঁড়ে ফেলব !
একটা বন্ধু মৃত্যুর সাথে লড়ছে
আর তোর নাকে ষড়যন্ত্রের গন্ধ !
দূর হ ! নাহলে তোকেও ক্লিনিকে পাঠাবো
নাক বরাবর এমন জোরসে খাবি তুই
আর ছয়মাস কোনও গন্ধই পাবি না !
মনসুর।।
(লাফ দিয়ে পেছনে সরে)
হ বুঝছি, আমি বললেই গোলমাল
কই ভাবলাম, তোকে সাবধান করে যাই...
(তারেক হাতের উল্টোপিঠ দেখিয়ে চড়ের ভঙ্গি করতেই মনসুর দ্রুত হেঁটে পালাবে। দৌড় দিবে না অবশ্যই।
বিপরীত দিক থেকে শিউলি এসে তারেকের সামনে দাঁড়াবে)
শিউলি।।
কী তারেক ভাই, এমন লাগছে কেন আজ?
তারেক।।
ক্যাম্পাসে এসে একটু আগেই জানলাম
গতকাল রাতে ছিনতাইকারী-হামলায়
আহত হয়ে কাজল এখন ক্লিনিকে
শিউলি।।
কী সর্বনাশ ! আজ না ওদের অডিশন?
তারেক।।
(অবাক হয়ে উচ্চস্বরে)
একটা মানুষ মরতে বসেছে এদিকে
তুই বলছিস, 'অডিশন কবে' ! ননসেন্স !
(একটু থেমে স্বাভাবিক স্বরে)
রাগ করিস না বোনটি - মাথার ঠিক নেই
শাহীন কিংবা তিতলী'র যদি দেখা পাস
বলে দিস, আমি ক্লিনিকের দিকে চললাম
শিউলি।।
ভাইয়া আমি রাগ করছিনা, তুমি যাও
সাবধানে যেও, এত অস্থির হয়ে না...
শিউলি কথা শেষ করার আগেই তারেক হেঁটে চলে যাবে। তার গতিপথে একটু তাকিয়ে থেকে শিউলিও অন্য পাশ দিয়ে বেরিয়ে যাবে।
'তৃতীয় অঙ্ক - প্রথম দৃশ্য' লেখার তারিখ: জানুয়ারি ১২, ২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



